আবদুল জলিল মাইকে প্রচার করে সংসার চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলে মাইক বেঁধে এভাবেই প্রচার চালান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবদুল জলিল। ছবিটি উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার থেকে গতকাল তোলা l প্রথম আলো
মোটরসাইকেলে মাইক বেঁধে এভাবেই প্রচার চালান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবদুল জলিল। ছবিটি উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার থেকে গতকাল তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কোনো জরুরি বিষয়ে সর্বসাধারণকে জানানোর প্রয়োজন হলেই ডাক পড়ে আবদুল জলিল (৬৫) নামের একজন মানুষের। মাইকে প্রচারকাজ সহজ করার স্বার্থে তিনি ব্যবহার করেন একটি মোটরসাইকেল। যানটির সামনে-পেছনে মাইক বেঁধে তারপর নিজে চড়ে সারা উপজেলায় প্রচারণার কাজে নেমে পড়েন তিনি।
উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে গতকাল মঙ্গলবার তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, নিজের পৈতৃক ভিটা সলঙ্গার ভরমোহিনী গ্রামে। কিন্তু খুব ছোটবেলায় তিনি বাড়িছাড়া হয়ে আশ্রয় পান নিমগাছির পাশের পুল্লা গ্রামে। সেখানে থেকে চুড়ি, দুল-মালা বিক্রি করতেন ফেরি করে। একসময় চলে আসেন সিরাজগঞ্জ শহরে। সেখানেই বিয়ে করে থিতু হন। এ সময় মাইকের ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। পরে স্ত্রী আর সাত ছেলে ও দুই মেয়ে নিয়ে আবারও ফিরে আসেন নিমগাছিতে। এবার আশ্রয় জোটে জয়সাগর পাড়ে সরকারি জায়গায়। সেই থেকে ৩০ বছর ধরে এলাকায় মাইকিংয়ের কাজ করে যাচ্ছেন তিনি। মৃত্যুসংবাদ, হারানো বিজ্ঞপ্তি, সরকারি আদেশ-নির্দেশ, এলাকা-সংশ্লিষ্ট কোনো খবরাখবর প্রচার করে চলেছেন তিনি।
আবদুল জলিল বলেন, যেদিন কাজ থাকে, সেদিন ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়। কিন্তু প্রায়ই কাজের অভাবে বসে থাকতে হয়। মাইকিংয়ের সঙ্গে জড়িত অন্যদের তুলনায় তাঁর চাহিদা খানিকটা বেশি বলে জানান তিনি। মানুষটি বলেন, ‘মোটরসাইকেলে মাইক বেঁধে নিজেই প্রচার করি বলে লোকজন আমাকেই বেশি ডাকে।’ আবদুল জলিল বলেন, ‘জীবনে বেঁচে থাকার জন্য অনেক কাজই করেছি। তবে মাইকে প্রচার করতে নেমে অনেক মানুষের সঙ্গে চলতে হয়েছে। ফলে অনেক কিছু জানতে পেরেছি।’ এ জানার মধ্যে আনন্দের পাশাপাশি অনেক কষ্টও আছে। আর যত দিন বাঁচবেন, এ কাজের সঙ্গেই জড়িত থাকবেন বলে জানান তিনি।
বিভিন্ন প্রচারণামূলক কাজে আবদুল জলিলের মাইক ব্যবহারের কারণ জানিয়ে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুল আহসান বলেন, আবদুল জলিল মাইকিং করলে পরিবহনের জন্য আলাদা করে ভাবতে হয় না। শুধু ভাড়ার টাকাটা দিলেই হয়। অল্প সময়ে অনেক জায়গায় তিনি প্রচারকাজ চালাতে পারেন বলেও জানান ওই কর্মকর্তা।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আবদুল জলিল অল্প সময়ে বেশি জায়গায় প্রচার চালাতে পারেন বলে দরকার হলে তাঁকেই ডাকা হয়। ব্যতিক্রমী এ প্রচারণার কারণে এখন তাঁর নাম হয়েছে মাইক জলিল চাচা।