আবদুল মান্নান সৈয়দ স্মরণে নাগরিক শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবদুল মান্নান সৈয়দের মতো বহুমুখী প্রতিভার অধিকারী মৌলিক ও সৃজনশীল সাহিত্যিক বাংলা সাহিত্যে খুব বেশি আসেননি। তিনি সাহিত্যের বিচিত্র শাখায় কাজ করেছেন। তাঁর অবদান তারার মতো উজ্জ্বল। তিনি আমাদের ঋণী করে গেছেন।’ বিশিষ্ট কবি, কথাশিল্পী, গবেষক আবদুল মান্নান সৈয়দ স্মরণে বাংলা একাডেমী আয়োজিত নাগরিক শোকসভায় এভাবেই তাঁর মূল্যায়ন করেছেন বক্তারা।গতকাল শুক্রবার বিকেলে একাডেমী প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হয়। আবদুল মান্নান সৈয়দ হূদরোগে আক্রান্ত হয়ে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রিন রোডের বাসায় ইন্তেকাল করেন।শোকসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক কবীর চৌধুরী। সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তব্য দেন আনিসুজ্জামান, রফিকুল ইসলাম, আহমদ কবীর, আসাদ চৌধুরী, অরুণাভ সরকার, আহমদ মযহার, অদিতি ফাল্গুনী, আবদুল মান্নান সৈয়দের কন্যা জিনান সৈয়দ প্রমুখ।সভাপতির বক্তব্যে অধ্যাপক কবীর চৌধুরী বলেন, ‘আবদুল মান্নান সৈয়দ কবি-ছোটগল্পকার-প্রাবন্ধিক-নাট্যকার-সমালোচক নানা ভূমিকায় উপস্থিত হয়েছেন এবং সমৃদ্ধ করেছেন আমাদের সাহিত্য। আমি যখন তাঁর কবিতাগুলো প্রথম দিকে পড়ি, তাঁর পরাবাস্তববাদী আঙ্গিক এবং কবিতার মধ্যে সম্পূর্ণ একটি নতুন দৃষ্টিকোণ ও প্রকাশভঙ্গি আমাকে গভীরভাবে আলোড়িত করে।’বক্তারা বলেন, আবদুল মান্নান সৈয়দ আমাদের সাহিত্যে যে অবদান রেখেছেন তা ব্যাপক বিস্তৃত। তিনি সাহিত্যের বিচিত্র শাখায় কাজ করেছেন। তিনি শব্দের ব্যবহারে ছিলেন সচেতন। বাংলা সাহিত্যের ইতিহাস রচনার ক্ষেত্রে যাঁরা নতুন তথ্য উপস্থাপন করতে চাইবেন, মান্নান সৈয়দের সাহিত্যকর্ম তাঁদের জন্য সহায়ক হবে।বক্তারা আরও বলেন, সম্পাদনার ক্ষেত্রে তাঁর দক্ষতা ছিল অতুলনীয়। তাঁর মৃত্যুতে আমরা আমাদের কালের একজন বড় মাপের মানুষকে হারিয়েছি।