নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সন্ধানী ও মেডিসিন ক্লাবের সদস্যদের মধ্যে মারামারি ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেওয়া হয়।
কলেজ সূত্র জানায়, মেডিকেল কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিজেদের ক্লাবে ভেড়ানো নিয়ে গত রোববার সকাল থেকে সন্ধানী ও মেডিসিন ক্লাবের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে ওই দিন রাত একটার দিকে উভয় পক্ষ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মো. মজিদ (২০) ও সাহাব উদ্দিন (২০) নামের দুজনকে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে সন্ধানী ও মেডিসিন ক্লাবের কার্যক্রম নিষিদ্ধ করে। একই ঘটনার জের ধরে ওই রাতেও উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এ নিয়ে গতকাল সকাল থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ পরিপ্রেক্ষিতে বেলা ১১টার
দিকে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী বেলা দুইটার মধ্যে দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।
কলেজের অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী বলেন, সন্ধানী ও মেডিসিন ক্লাবের সদস্যদের নানাভাবে বুঝিয়েও শান্ত করা যায়নি। উপরন্তু তাঁরা মারামারিতে লিপ্ত হন। তাই পরিস্থিতির যাতে আর অবনতি না ঘটে সে জন্য অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ খুলে দেওয়া হবে।