আবদুল লতিফকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাগেরহাটের আবদুল লতিফ তালুকদারকে (৭৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার দুপুরে আবদুল লতিফকে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়৷
১০ জুন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনাল-১-এ আবদুল লতিফসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে রাষ্ট্রপক্ষ৷ এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ তিনজনের মধ্যে আবদুল লতিফকে গত বুধবার ভোররাতে বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ ওই দিনই তাঁকে ঢাকায় পাঠানো হয়৷
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানায়, আবদুল লতিফসহ ওই তিনজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে৷ তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে৷ আবদুল লতিফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে কচুয়ার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনাটি শাঁখারীকাঠি গণহত্যা নামে পরিচিত। নিমাই চন্দ্র দাস নামের স্থানীয় এক ব্যক্তি ২০০৯ সালে আবদুল লতিফসহ ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।
তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাট জেলায় মোট ৬৩টি মামলা হয়েছিল৷ মামলাগুলোর প্রাথমিক তদন্ত শেষে ডাকরা গণহত্যা, শাঁখারীকাঠি গণহত্যাসহ কয়েকটি মামলা আমলে নেওয়া হয়েছে৷ নিমাই চন্দ্র দাসের মামলাটি সেগুলোর মধ্যে একটি৷