আবদুল হাই বাচ্চু কি আকাশে থাকেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের তিন হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন।
গতকাল বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এক অনির্ধারিত বিতর্কে মঈন উদ্দীন খান বাদল অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, আবদুল হাই বাচ্চু কি আকাশে থাকেন, নাকি হিমালয়ে থাকেন? আইন তাঁদের স্পর্শ করতে পারে না? এ বক্তব্যের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উপস্থিত ছিলেন।
মঈন উদ্দীন খান বাদল বলেন, প্রতিনিয়ত পত্রিকায় বেসিক ব্যাংকের তিন হাজার কোটি টাকা লোপাটের খবর প্রকাশিত হচ্ছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের কথা অনেকেই স্বীকার করছেন। এর মধ্যে এ ধরনের খবর মানুষের মনে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি করে। তিনি বলেন, দেশে এখন পয়সা কামানোর সহজ পদ্ধতি তৈরি হয়েছে। জমির মূল্য বেশি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। দু-এক বছর পরে ব্যাংক ঋণ অবলোপন করে দেয়। আর রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী ব্যক্তির আর কোনো দেখা পাওয়া যায় না। এর কি কোনো সমাধান নেই?
মঈন উদ্দীন খান বাদল বলেন, যাঁরা ব্যাংকটির হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, তাঁদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো দূরে থাক, এঁরা বরং ক্ষমতার আশপাশে থাকেন। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, অর্থ আত্মসাৎকারীদের ক্ষমতার আশপাশে রাখবেন, তা শোভন নয়। এঁরা এত শক্তিশালী, তাঁদের গায়ে হাত দেওয়া যাবে না, তাহলে এই বাজেট দেওয়ার দরকার কী? এঁরা নতুন যুগের মুজাহিদ।
মঈন উদ্দীন খান বাদল এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন।
জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ আলোচনায় অংশ নিয়ে ৩০০ সাংসদকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়ায় সাংসদেরা তোপের মুখে।
দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘তাঁরা কীভাবে হুমকি পান? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি জনে জনে নিরাপত্তা দেবেন? ৫ জানুয়ারির সময় নিরাপত্তাহীনতায় ছিলাম। তারপরও নিরাপত্তা নিইনি। আর হুমকি পাওয়া ব্যক্তিরা পাবলিক ফিগার নন। তাঁরা নির্দিষ্ট গণ্ডিতে চলাচল করেন। তাঁরা কীভাবে হুমকি পাবেন।’ তিনি হুমকি পাওয়া ব্যক্তিদের বিষয়টি সঠিক কি না, তা যাচাই-বাছাই করে দেখার দাবি জানান।