দীর্ঘ ১০ বছর পর পটুয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও খন্দকার আবদুল হাই সভাপতি এবং শ ম দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন পটুয়াখালীর প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার দাস গুপ্ত এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি খন্দকার আবদুল হাই। সভায় স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি সালাহউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, পৌর জাসদের সভাপতি জালাল আহমেদ, সদর উপজেলা জাসদের সভাপতি হাসান তালুকদার প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে খন্দকার আবদুল হাইকে সভাপতি, মুফতি সালাহউদ্দিনকে জ্যেষ্ঠ সহসভাপতি, শ ম দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, মো. জালাল আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কে এম আনোয়ারুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট জেলা জাসদের কমিটি গঠন করা হয়।