আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনার প্রতিবাদে মানববন্ধন
জাতীয় সংসদে শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনার প্রতিবাদ করে এবং সংসদের কার্যবিবরণী থেকে সাংসদদের বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়ে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সর্বস্তরের পেশাজীবী, সংস্কৃতিকর্মী, ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খান, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, উদীচীর সাধারণ সম্পাদক সুনীল ধর, সংস্কৃতিকর্মী কামরুল হাসান বাদল প্রমুখ।প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় সংসদে একাধিক সাংসদ আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনা করে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, আবু সায়ীদ সাংসদদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে আবু সায়ীদ এ অভিযোগ অস্বীকার করেন।