আবদুল্লাহ কোথায়?
১০ মাসের শিশু আবদুল্লাহ। মায়ের সঙ্গে থাকত রমনার মীরবাগে। ২০ দিন আগে তাকে কেউ ঘর থেকে নিয়ে যায়। এখনো তার সন্ধান মেলেনি। ছেলের সন্ধানে পুলিশের কাছে গিয়েছিলেন মা রিনা বেগম, কিন্তু কাজ হয়নি।
মীরবাগের নতুন মসজিদ গলির সি/১৩ নম্বর বাড়ির একটি কক্ষে থাকে রিনা বেগমের পরিবার। সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করেন তিনি। ছোট ছেলে আবদুল্লাহ নিখোঁজ হওয়ার দিনও তিনি বাসা থেকে একটু দূরের একটি বাড়িতে কাজ করছিলেন। তিনি বলেন, ১৮ জুন সকাল ৯টার দিকে তিনি কাজে যান। সাড়ে আটটার দিকে বড় ছেলে রিয়েল কাজে বের হয়। বাসায় ছিল আবদুল্লাহ ও তার বড় বোন রিপা (১০)।
রিপার বরাত দিয়ে রিনা বেগম বলেন, সকাল ১০টার দিকে রিপা আবদুল্লাহকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরে যায়। পাঁচ মিনিট পর ফিরে দেখে আবদুল্লাহ বিছানায় নেই। প্রথমে প্রতিবেশী ও পরে আশপাশে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে রিনা বেগম রমনা থানায় আসেন এবং ছেলে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই আনিছুর রহমান বলেন, জিডির পর এ ঘটনায় মামলা হয়েছে। থানার এসআই মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, আবদুল্লাহর সন্ধানে র্যা ব, থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। কিন্তু এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি।