আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদযাত্রা শুরু হতে এখনো বাকি কয়েক দিন। কিন্তু এরই মধ্যে যানজটে প্রায় অচল আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক। ফলে ঈদযাত্রার চাপ শুরু হলে এই সড়কে যানজট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন যানচালক ও যাত্রীরা। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে শঙ্কিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
যানবাহনের চাপ, সড়কের দুই পাশের খানাখন্দ আর সড়ক ও জনপথ বিভাগের মেরামত কাজ—এই তিন কারণে গত বুধবার থেকে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সাভার ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে রাজধানীর আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত ১৮ কিলোমিটার পথে যানজট দেখা যায়। যানজটের তীব্রতা বেশি ছিল আবদুল্লাহপুর থেকে নরসিংহপুর পর্যন্ত। গাড়ি নিয়ে এই পথ পাড়ি দিতে এই প্রতিবেদকের চার ঘণ্টা সময় লেগেছে।
মহাখালী আর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা অনেক যানবাহনসহ ছোট গাড়ি এই পথে চলাচল করে। এ ছাড়া রয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার কয়েক হাজার যানবাহন।
সাভার ট্রাফিক পুলিশের সার্জেন্ট রোকনুজ্জামান বলেন, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কটি অন্যান্য মহাসড়কের তুলনায় চাপা। এর ওপর দুদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ মেরামতের কাজ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল দুপুরে আশুলিয়া বাজারের অদূরে খানাখন্দ ভরাটের কাজ করছিলেন সওজের শ্রমিকেরা। এ সময় ওই এলাকায় এক পথে যান চলায় যানজটের তীব্রতা বাড়তে থাকে।
সওজের বনানী উপবিভাগের কার্যসহকারী আশরাফুল ইসলাম বলেন, গত কয়েক দিনের বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে জরুরি রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বুধবার থেকে ওই সব খানাখন্দ মেরামত করা হচ্ছে। শনিবারের মধ্যেই মেরামতকাজ শেষ হবে।
জটে আটকে পড়া উত্তরবঙ্গগামী একটি বাসের চালক শাকিল আহাম্মেদসহ কয়েকজন বলেন, গত দুদিনের যানজটে তাঁরা ঈদের সময়ে পরিস্থিতি কী হবে তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন বলেন, ঈদের কয়েক দিন আগে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ হয়ে গেলে যানবাহনের চাপ কমে যাবে। তবে গাজীপুরের চন্দ্রাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়নকাজের কারণে যান চলাচল ব্যাহত হতে পারে।