আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিভর্তি গর্তে ট্রাক ও বাস বিকল হয়ে পড়ায় গতকাল বৃহস্পতিবার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে প্রায় ১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণে ওই সড়কসহ নবীনগর-কালিয়াকৈর এবং ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হয় হাজার হাজার মানুষ।এদিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার সড়কের খানাখন্দে যানবাহন আটকে গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর-চন্দ্রা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।সাভার ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর-বাইপাইল অংশের আশুলিয়ার ইউনিক এলাকায় গতকাল ভোর পাঁচটার দিকে পণ্যবোঝাই চারটি ট্রাক ও দুইটি বাস গর্তে পড়ে বিকল হয়ে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশের রেকার দিয়ে বিকল যানবাহনগুলো সরানোর চেষ্টা করে। কিন্তু ওই রেকার দিয়ে যানবাহন সরানো সম্ভব হয়নি। পরে সড়ক ও জনপথ বিভাগের রেকার এনে দুপুর দুইটা পর্যন্ত চেষ্টা করে পর্যায়ক্রমে যানবাহনগুলো সরানো হয়। দীর্ঘ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-আরিচা মহাসড়কে। এ দুটি সড়কেও পাঁচ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।ট্রাফিক সার্জেন্ট আবুল হোসেন জানান, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক থেকে নরসিংহপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকার বড় বড় গর্তগুলো বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোথাও কোথাও গর্ত ছাপিয়ে দেড় থেকে তিন ফুট পর্যন্ত পানি জমে গেছে। পানির কারণে চালকেরা গর্তের গভীরতা বুঝতে পারেন না। ওইসব গর্তে পড়ে প্রায় প্রতিদিনই যানবাহন বিকল হচ্ছে। এ ছাড়া নবীনগর-কালিয়াকৈর সড়কের শ্রীপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায়ও গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবুল হোসেন আরও জানান, রাজধানীর মহাখালী ও গাবতলী টার্মিনালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত যানবাহন আবদুল্লাহপুর-বাইপাইল-টাঙ্গাইল সড়কসহ ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর সড়ক হয়ে দেশের উত্তরাঞ্চলে যায়। আবার উত্তরাঞ্চল থেকে একই পথে যানবাহনগুলো রাজধানীতে ঢোকে। এসব যানবাহন পথে কোনো বাধা পেলে কয়েক মিনিটের মধ্যেই যানজটের সৃষ্টি হয়। সড়ক বন্ধ থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়।স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে গণস্বাস্থ্য হাসপাতালের পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, মহাসড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক মেরামত করা না হলে যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়।এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের জয়দেবপুর (চৌরাস্তা) থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত সড়কের কোনাবাড়ী বাজার এলাকায় কার্পেটিং উঠে গিয়ে প্রচুর খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের ওই এলাকায় গত দুই দিনে ২০-২৫টি যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিকল হওয়া যানবাহন সরিয়ে নিতে গিয়ে এবং খানাখন্দে ভরা সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করায় সড়কের উভয় পাশে ১০-১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, কোনাবাড়ী এলাকার ৫০০ মিটার ভাঙা রাস্তা অতিক্রম করতে যানবাহনের প্রায় ২৫-৩০ মিনিট সময় লাগছে। গত দুই দিনে মাঝপথে ২০ থেকে ২৫টি যানবাহনের টায়ার ফেটে বিকল হয়ে পড়ে। এ কারণে সড়কে যানজট বেড়ে যায়। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাজাহান মিয়া জানান, সড়কের খানাখন্দগুলো মেরামত করার জন্য গাজীপুরে সওজের কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও আজ অবধি কোনো কাজ হয়নি।