আবদুল্লাহপুরে দুই উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৩০
একটি তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জের সিরাজদিখানবাসীর মধ্যে গতকাল শুক্রবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাজার এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাম সরদারের ভাতিজা মো. হাসেম পাঁচ-ছয়জন লোক নিয়ে গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাজারে আসেন একটি মাইক্রোবাস ভাড়া করতে। এ সময় ভাড়া নিয়ে চালকদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হাসেম ও তাঁর লোকজন সাত-আটটি গাড়ি ভাঙচুর করে। পরে এলাকার লোকজন ও গাড়িচালকেরা একত্রিত হয়ে ধাওয়া করলে তাঁরা চলে যায়।বৃহস্পতিবারের ঘটনার জের ধরে সিরাজদিখানের খাসকান্দি ও চর গুলগুলিয়া এলাকার কয়েক শ লোকজন গতকাল সকাল সাতটার দিকে আবদুল্লাহপুর বাজারে হামলা চালায়। এ সময় দুই উপজেলার লোকজনের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজন রামদা, বল্লম, জুুইতা, টেঁটা ও লাটিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছে। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাউদুল ইসলাম, এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে ও সিরাজদিখান থানার ওসি ঘটনাস্থলে যান। দুপুর ১২টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে যান চলাচল আবার শুরু হয়।ওসি নীলোত্পল দে গতকাল বিকেলে জানান, ‘এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। তবে শুনেছি উভয় পক্ষই সমঝোতার জন্য আলাপ-আলোচনা করছে।’