আবদুস সাত্তারও মারা গেলেন
সারা দিন শুধু নামাজ আর ধর্মকর্ম নিয়েই থাকতেন ষাটোর্ধ্ব আবদুস সাত্তার। গত ৩০ নভেম্বর রাতে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার সময় দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশায় আগুন দিলে গুরুতরভাবে দগ্ধ হন সাত্তার। তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
আবদুস সাত্তার পটুয়াখালী সদরের একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক ছিলেন। দুই বছর আগে অবসর নেন। আগামী বছর অবসর ভাতার টাকা তুলে হজে যাওয়ার ইচ্ছা জানিয়েছিলেন পরিবারকে। ধার্মিক হিসেবে স্থানীয়ভাবে তিনি মাওলানা সাত্তার নামে পরিচিত। ২৯ নভেম্বর তিনি স্বরূপকাঠিতে এক ওয়াজ মাহফিলে যান। ৩০ নভেম্বর রাতে ব্যাটারিচালিত রিকশায় পটুয়াখালী সদরে চর জৈনকাঠি গ্রামের বাড়িতে ফিরছিলেন।
মাঝপথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর দরবার শরিফ-সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা সেই অটোবাইকে আগুন দেয়। এতে ঝলসে যায় আবদুস সাত্তারের পুরো শরীর। প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল সকাল আটটায় তিনি মারা যান। আবদুস সাত্তারের মৃত্যু নিয়ে গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে দেখা যায়, এক পাশে মেঝেতে রাখা হয়েছে আবদুস সাত্তারের লাশ। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুুপুরের দিকে লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন স্বজনেরা।
মাওলানা সাত্তারের এক ছেলে ও চার মেয়ে। ছেলে স্থানীয় একটি মাদ্রাসার সহকারী সুপার আবদুল হাকিম ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা তো রাজনীতি করেন না। তাহলে আজ কেন তাঁকে এভাবে পুড়ে মরতে হলো?’