আবদুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ সকাল সাড়ে আটটায় মরহুমের কবর জিয়ারত এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া কলাবাগানের লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশন আজ নানা কর্মসূচি নিয়েছে। মরহুমের বাসভবনে সকালে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আবদুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার ভূরাখালি গ্রামে ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন তিনি। পরে আওয়ামী লীগের শ্রম সম্পাদক হিসেবে দলে যোগদান করেন।