আবদুস সামাদ জাতির কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানবিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত জাতিকে পথ দেখিয়েছিলেন ভাষাসৈনিক আবদুস সামাদ। তিনি সব সময় প্রতিবাদ করতেন অন্যায়ের বিরুদ্ধে। আর জাতির কল্যাণে উৎসর্গ করেছিলেন তাঁর জীবন।
সদ্য প্রয়াত ভাষাসৈনিক আবদুস সামাদের নাগরিক স্মরণসভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ স্মরণসভার আয়োজন করে নাগরিক সমাজ।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ভাষা আন্দোলন করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন আবদুস সামাদ। কিন্তু কখনোই নীতির কাছে আপস করেননি। তাই তাঁর আদর্শকে লালন করে দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
ঐক্য ন্যাপের নেতা পংকজ ভট্টাচার্য বলেন, মানুষ ও মাটির সঙ্গে মিশে আছেন আবদুস সামাদ। তাই মানুষের সমস্যাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এতে করে সমাজে ‘বাতিঘর’ হয়ে থাকবেন তিনি।
আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, নিজের দেশকে বুঝতেন ও ভালোবাসতেন আবদুস সামাদ। তাঁর প্রতিটি কাজ ছিল জাতির জন্য বড় স্বপ্ন। তাই তাঁর অসমাপ্ত সৃজনশীল কাজকে বাস্তবে রূপান্তর করতে হবে।
গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে গণতন্ত্রের জন্য নিরলসভাবে সংগ্রাম করেছেন আবদুস সামাদ। তিনি নিজের জন্য না ভেবে জাতীয় সমস্যা নিয়ে কাজ করতেন। এতে করে গণমানুষের ভালোবাসা পেয়েছেন তিনি।
অনুষ্ঠানে ভাষাসংগ্রামী ও শব্দসৈনিক কামাল লোহানীর সভাপতিত্বে ও কবি আসাদ চৌধুরীর সঞ্চালনায় সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আহম্মদ আলী, শিক্ষাবিদ নুর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক শান্তনু কায়সার, অজয় রায় প্রমুখ বক্তব্য দেন।