আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, চুরি ও চাঁদাবাজির মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুস সালাম পিন্টুর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে তাঁকে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।আবদুস সালামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার রাতে টাঙ্গাইল কারাগারে আনা হয়।আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল তাঁকে টাঙ্গাইল বিচারিক হাকিম ‘গ’ অঞ্চল আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে শতাধিক আইনজীবী জামিন প্রার্থনা করেন। আদালতের অনুমতি নিয়ে আবদুস সালাম তাঁর বক্তব্যে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে ১১ বছর পর তাঁর বিরুদ্ধে ভূঞাপুর থানায় স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের প্ররোচনায় এই মামলা দায়ের করা হয়েছে। সকাল থেকেই আদালত চত্বরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। জেলা জজ আদালত ভবনে ঢোকার সব ফটক বন্ধ করে দেয় পুলিশ। আইনজীবী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় অন্য সব বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকে। আবদুস সালামকে আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার পর দুপুর পৌনে ১২টার দিকে অন্যান্য আদালতের কার্যক্রম শুরু হয়। তাঁর আইনজীবী আনিসুর রহমান জানান, ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল গ্রামের আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম ভূঁইয়া গত ১৩ অক্টোবর সালামসহ ১১ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। মামলায় ঘটনার সময় দেখানো হয়েছে ২০০১ সালের ১ অক্টোবর। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, মামলায় জামিন অযোগ্য চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাই আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।