আবদুস সালামের বিরুদ্ধে দুদকের আরেক মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার সালামসহ তিনজনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার দুদকের উপপরিচালক সামছুল আলম তেজগাঁও থানায় মামলাটি করেন।
এর আগে গত ২ মার্চ একুশে টিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আরেকটি মামলা হয় তেজগাঁও থানায়। দায়িত্বে থাকাকালীন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একুশে টিভির প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।
গতকাল বুধবার করা মামলার অন্য দুই আসামি হলেন একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বর্তমান পরিচালক আশরাফুল আলম এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক (হিসাব) ফজলুর রহমান শিকদার।
এজাহারে বলা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সেই টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন। আবদুস সালামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক। প্রসঙ্গত, তিনি এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন।
গত বছর ৪ জানুয়ারি যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ৮ জানুয়ারি ‘উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা’ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবদুস সালাম ও তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। মামলায় তারেক ও সালাম ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।