আবদুুল বারীর ‘আলোর ঘর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্থিত বিলেরপাড় গুচ্ছগ্রামে গড়ে উঠেছে আবদুল বারীর পাঠশালা নামে পরিচিত ‘বন্ধন গুচ্ছগ্রাম আলোর ঘর’। এলাকার দরিদ্র পরিবারগুলোর শতাধিক শিশু বর্তমানে এই পাঠশালার নিয়মিত শিক্ষার্থী।স্থানীয় সূত্র জানায়, দারিদ্র্যকবলিত গুচ্ছগ্রামের বাসিন্দাদের জন্য শিশুদের পড়াশোনার খরচ জোগানো এমনিতেই বেশ কঠিন। শিশুদের একমাত্র গন্তব্য ছিল ব্যস্ত সড়ক পেরিয়ে অনেক দূরে অবস্থিত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানকার ঝুঁকিপূর্ণ ভবন, স্থানাভাব, আলোক স্বল্পতাসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বাড়তে থাকে বিলেরপাড়ের শিশুদের ঝরে পড়ার হার। ব্যাপারটি উদ্বিগ্ন করে ৬৫ বছর বয়সী বৃদ্ধ আবদুুল বারীকে। নিজে মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পেলেও শিক্ষার গুরুত্ব মোটেও কম নয় তাঁর কাছে। অল্পশিক্ষার জন্য জীবনভর তাঁকে বহু সমস্যার মুখে পড়তে হয়েছে। তাই স্থানীয় শিশুদের ভবিষ্যতের কথা ভেবে নিজের জমিতে একটি পাঠশালা স্থাপনের উদ্যোগ নিলেন। তৈরি হলো বাঁশের বেড়ার ঘর। ছাউনির জন্য টিন দিয়ে সহায়তা করেন প্রতিবেশী বৃদ্ধ আবদুল কুদ্দুস। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা বলতে সম্বল চটের বস্তা। মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া এই অবৈতনিক পাঠশালায় শিক্ষকতা করছেন স্থানীয় গৃহবধূ হোসনা বেগম ও কলেজছাত্রী শাহিনা আক্তার। তাঁদের যত্নশীল পাঠদান ও পড়া আদায়ে খুশি খুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তাই এক মাস না পেরোতেই এই পাঠশালায় এখন শিক্ষার্থীসংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।আশপাশের কয়েকটি গ্রাম থেকেও এই পাঠশালায় পড়তে আসছে শিশুরা। কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী রেহেনা বেগমের পড়াশোনায় আগ্রহ বেড়েছে এই পাঠশালায় এসে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রুবি বেগম এসেছে অভাব-অনটনের সংসার থেকে। পড়াশোনার খরচই জোটে না ঠিকমতো। ‘প্রাইভেট পড়ানোর’ সংগতি নেই তার বাবা-মায়ের। তবে এই পাঠশালায় এসে দুর্ভাবনা কেটে গেছে রুবির। চটের বস্তা নিয়ে সকালেই সে চলে আসে পড়তে। পাঠ শেষে ফিরে যায় দুপুর ১২টায়।পাঠশালার প্রতিষ্ঠাতা আবদুল বারী বলেন, অবহেলিত দরিদ্র শিশুদের শিক্ষার মান উন্নয়নে গ্রামবাসীর সহায়তায় এই পাঠশালার জন্ম হয়েছে। দুই বছর আগে তিনি এই পাঠশালা স্থাপনের পরিকল্পনা করেন। অবশেষে গত ডিসেম্বরে ঘর নির্মাণ শেষে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় পাঠশালার কার্যক্রম। শিশুদের বসানোর সুব্যবস্থা এখনো করা যায়নি। সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে সব সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।আবদুল বারীর আদি নিবাস ছিল রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়ার হাওর এলাকায়। বসতভিটা হারিয়ে ২৩ বছর আগে তিনি আশ্রয় নেন বিলেরপার গুচ্ছগ্রামে। প্রবাসী এক ছেলের পাঠানো অর্থ ও নিজের একটি মুদিদোকানের আয়ে সংসার চলে তাঁর। পাঠশালার উদ্যোগে তিনি স্ত্রী-সন্তানদের সহযোগিতা পেয়েছেন শুরু থেকেই। আবদুল বারীর উদ্যোগকে স্বাগত জানিয়ে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে। ইতিমধ্যে ওই পাঠশালায় বই সরবরাহ করা হয়েছে।