
নগরের ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রেখেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পরিবেশ অধিদপ্তর উদ্দেশ্যমূলকভাবে দুই লাখ টাকা জরিমানা করেছে বলে অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার থেকে তারা আবর্জনা অপসারণ বন্ধ রেখেছে বলে জানা গেছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
মেয়রের দায়িত্বে থাকা প্যানেল মেয়র-১ মো. ওবায়দুল্লাহ জানান, দেশের ১১টি সিটি করপোরেশন ও ৩২১টি পৌরসভা রাস্তার পাশে জনবসতিহীন খোলা জায়গায় ময়লা জমা করে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনও একই পদ্ধতি অনুসরণ করছিল। পরিবেশ অধিদপ্তর গত সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লা ফেলার অভিযোগে সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করে। এ অবস্থায় ময়লা ফেলার জায়গা না থাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল সকাল থেকে নগরের ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রেখেছেন। আজ (বুধবার) নগর ভবনে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সভা ডাকা হয়েছে। সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ওবায়দুল্লাহ আরও বলেন, সারা দেশেই রাস্তার পাশে জনবসতিহীন বিভিন্ন সরকারি জমিতে সিটি করপোরেশন ও পৌরসভার ময়লা ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকেই জরিমানা করে সেখানে ময়লা ফেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রভাবশালী কারও দ্বারা প্রভাবিত হয়ে পরিবেশ অধিদপ্তর এ ধরনের আচরণ করেছে বলে তিনি ধারণা করছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সিটি করপোরেশন ময়লা-আবর্জনা অপসারণ বন্ধ রেখেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্যানিটেশন পরিদর্শক আলমগীর হীরন জানান, নগরে প্রতিদিন গড়ে ৩০০ টন ময়লা-আবর্জনা অপসারণে ৫০০ কর্মী কাজ করেন। লিংক রোডের যে স্থানে এত দিন ময়লা ফেলা হতো, দুর্গন্ধ এড়াতে বর্জ্যের ওপর বালু ফেলা হতো। সেখানকার পরিবেশের বিষয়টি বিবেচনা করে ২৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান আছে।
সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, ‘মেয়র এক মাসের ছুটিতে বিদেশে আছেন। তাই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা পরিবেশ অধিদপ্তরকে বলেছি, জরিমানার টাকা পরিশোধের বিষয়টি সিটি করপোরেশন সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে জানাবে।’
এক দিন ময়লা অপসারণ বন্ধ থাকায় নগরের প্রধান সড়কগুলোর বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। গতকাল দুপুরে লিংক রোডের লামাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জরিমানা করার কারণে সিটি করপোরেশন না ফেললেও তিনটি ইউনিয়ন পরিষদ সেখানে ময়লা ফেলছে। এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকেও ময়লা এনে সেখানে ফেলা হচ্ছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, মেয়রের প্রতিদ্বন্দ্বী এক সাংসদ শুধু সিটি করপোরেশনকে লিংক রোডের লামাপাড়ায় ময়লা ফেলতে ক্যাডারদের দিয়ে বাধা দিচ্ছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ময়লা ফেলার দায়ে জরিমানা করায় সাধারণ নাগরিকদেরই অপমান করা হয়েছে।