আবর্জনা ও ছাই ফেলায় তিন নদী ভরাট-দূষণ
পৌরসভাসহ বিভিন্ন হাট-বাজার, বাসা-বাড়ির ময়লা আবর্জনা ও বয়লার-চাতালের ছাই ফেলার কারণে নাটোরের গুরুদাসপুর পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই, নন্দকুঁজা ও গুমানী নদী ভরাট ও পানি দূষিত হয়ে যাচ্ছে। গতকাল শনিবার দুপুরে পৌরশহরের চাঁচকৈড় রসুন হাট, সাহাপাড়া ও গুরুদাসপুর এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর প্রায় এক কিমি এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা শহরের আবর্জনা ফেলে রেখেছে। এসব আবর্জনার স্তূপে কুকুর ও কাক ভিড় জমিয়েছে। পথচারীরা নাকে রুমাল চেপে চলাচল করছে। রসুন হাটের ক্ষুদ্র ব্যবসায়ী বেলাল হোসেন ও আফতাব হোসেন জানান, প্রতিদিন পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনা ফেলে যায়। এসব আবর্জনার দুর্গন্ধে টিকে থাকা কঠিন। স্থানীয় বাসিন্দা মজনু মিয়া জানান, প্রায় ১৫ বছর আগেও নন্দকুঁজা নদী প্রশস্ত ছিল প্রায় ১৮০ ফুট। বছরজুড়েই পানি থাকত। নৌকা চলাচল করত। মিলত মাছ। আবর্জনার কারণে রসুন হাট এলাকায় প্রায় ২০ ফুট এলাকা ভরাট হয়ে গেছে। এখন নদীতে আর নামা যায় না। তা ছাড়া চাঁচকৈড় কাচারিপাড়া এলাকায় একটি অটো চালকলসহ আশপাশের বয়লার-চাতালের ছাই ফেলার কারণেও প্রায় ২০-২৫ ফুট এলাকার নদী ভরাট হয়ে গেছে। গুরুদাসপুর পৌরসভার বামনকোলা গ্রামের গৃহবধূ আকলিমা খাতুন বলেন, ‘মানুষ বিভিন্ন আবর্জনা ফেলে নদীকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে। এখন গোসল করতে গেলেই নদীতে ইনজেকশনের সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ ও প্লাস্টিকের বোতলসহ আবর্জনা আর ছাই ভেসে যেতে দেখা যায়। গোসলের পর শরীর চুলকায়।’ গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়া পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী, ইসাহক আলী ও শামীম আল আমিন জানান, পরিচ্ছন্নতাকর্মীরা শহরের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করছে। কিন্তু অসচেতন কিছু কর্মী তা নদীতে ফেলছে। ভবিষ্যতে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।