আবর্জনা ও দুর্গন্ধে ভরা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীরা। নোংরা শৌচাগার থেকে ছড়ানো দুর্গন্ধে ওয়ার্ডে টেকা দায়। উপায় না দেখে রোগীদের স্বজনেরা মেঝে ও শৌচাগার পরিষ্কার করেন।
গতকাল শনিবার সকালে হাসপাতালের অন্তর্বিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। এ দিন পুরুষ ওয়ার্ডে ১০ জন ও নারী ওয়ার্ডে ১৩ জন রোগী ছিলেন। ওয়ার্ডের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা, ওষুধের ঠোঙা ও কাগজ। দেয়ালে পানের পিক ও রক্তের দাগ। বেসিনের চারপাশে আবর্জনার ছোটখাটো স্তূপ। পুরুষ আর মহিলা ওয়ার্ডে মোট ১২টি শৌচাগার আছে। দেখে বোঝা যায়, শৌচাগার অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। উপায় না থাকায় সেগুলোই ব্যবহার করতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।
মহিলা ওয়ার্ডের এক রোগীর অভিভাবক নিলুফা ইয়াসমিন বলেন, তাঁর চার বছর বয়সী মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। তাঁদের শয্যাটি শৌচাগারের পাশে। একদিনও কেউ তা পরিষ্কার করতে আসেনি। তীব্র দুর্গন্ধে থাকতে থাকতে তাঁর মেয়ে আরও অসুস্থ হয়ে পড়ছে।
এ ওয়ার্ডের রোগী মজিদপুর গ্রামের আমেনা বিবি বলেন, তাঁর স্বজনেরা ওয়ার্ডের মেঝে পরিষ্কার করেন। নয়তো এ নোংরা পরিবেশে থাকা যায় না। তাঁরা শৌচাগারও পরিষ্কার করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল কবীর বলেন, ঝাড়ুদারের চারটি পদ শূন্য রয়েছে। এসব বিষয়ে জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে।