কুমিল্লা নগরের বাদুরতলা এলাকার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে আস্তাকুঁড় (ডাস্টবিন) ছাপিয়ে আবর্জনা ছড়িয়ে পড়েছে সড়কে। নাক চেপে আবর্জনার ওপর দিয়েই পার হচ্ছে খুদে শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ সাধারণ মানুষ। শুধু বাদুরতলা এলাকায় নয়, নগরের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেশির ভাগ আস্তাকুঁড়ের অবস্থাই এ রকম। তার ওপর নগরের বিভিন্ন সড়কে উড়ছে ধুলা। আবর্জনা ও ধুলাবালুতে অতিষ্ঠ জনজীবন। নগরের ২৭টি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন লাখ মানুষ এতে নাকাল হয়ে পড়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের অন্তত চারজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নগরের ২৭টি ওয়ার্ডে ১৫৫টি আস্তাকুঁড় ও ১৭৭ দশমিক ১৪ কিলোমিটার নালা রয়েছে। এসব আস্তাকুঁড় ও নালার বেশির ভাগই আবর্জনায় ভরে গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকা, কান্দিরপাড়ে বিভিন্ন বিপণিবিতানের সামনে, উজির দিঘির পাড়, জেলখানা সড়কের পাশে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। সিটি করপোরেশন ময়লা নালা থেকে ওঠানোর পর সড়কের ওপরে রাখে। এতে উৎকট গন্ধ ছড়াচ্ছে। রাজগঞ্জ এলাকার আইএফআইসি ব্যাংকের সামনের নবনির্মিত নালা উপচে ময়লা পানি সড়কে ছড়িয়ে পড়ছে। নালায় আবর্জনা জমার কারণে মশার বংশবিস্তার বেড়েছে।
এদিকে নগরের প্রায় সব কটি সড়কেই ধুলা উড়ছে। সরেজমিনে কাপ্তান বাজার, ঝাউতলা, পুলিশ লাইন, ধর্মপুর, অশোকতলা, রানীরবাজার, দক্ষিণ চর্থা এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, কুমিল্লা এখন ময়লা-আবর্জনার শহর। যত্রতত্র ময়লা ফেলার কারণে সড়ক দিয়ে হাঁটাই কষ্টকর হয়ে পড়েছে। তার ওপর ভাঙাচোরা সড়কের কোনো মেরামত নেই।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, সিটি করপোরেশন প্রতিনিয়ত নালা ও আস্তাকুঁড়ের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে। প্রতিদিনই ট্রাক্টর ও ট্রাকে করে ময়লা সরানো হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে বহু জায়গায় ময়লা তোলার ও আবর্জনা পরিষ্কারের কার্যক্রম তদারকি করছি। নগরবাসী সচেতন হয়ে সড়কে ময়লা-আবর্জনা না ফেললেই হলো। দিন-রাত করপোরেশনের শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন। আর বিভিন্ন সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।’