আবর্জনা কালো পানি দুর্গন্ধ ও আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল। আবর্জনা, কালো পানি, দুর্গন্ধ আর মশা—এই নিয়ে স্থবির খালটি। আর খালের পাড়? সেখানেও আছে অবৈধ দখলের অনাচার।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০১৫ সালের নভেম্বর মাসে এক প্রতিবেদনে বলেছে, ১৩টি খালের বেহাল অবস্থার কারণে রাজধানীতে জলাবদ্ধতা হয়। তালিকার ওই ১৩টি খালের অন্যতম রামচন্দ্রপুর খাল।
প্রতিবেদন তৈরির পর বছর গড়িয়ে গেছে। গতকাল সোমবার গিয়ে দেখা গেল, ঢাকা ওয়াসার অধীন এই খালটির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মোহাম্মদী হাউজিং লিমিটেড, নবোদয় হাউজিং, মোহাম্মদী হোমস ও চানমিয়া হাউজিং এলাকার অংশে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় ব্যক্তিদের মতে, এটা আসলে খাল দখলের পাঁয়তারা।
প্লাস্টিকের বোতল, বাসাবাড়ির বর্জ্য আর ময়লাতেই গজিয়ে ওঠা ঘাসে অনেক জায়গায় পানিপ্রবাহ বন্ধ হয়ে আছে। স্থানীয় দোকানদার ইমরান হোসেন বলেন, ‘ছোটবেলায় এই খালে আমরা মাছ ধরছি। খাল অনেক বড় ছিল। এখন তো ময়লা আর গন্ধে টেকা যায় না। দোকানে কাস্টমারও বসতে চায় না।’ এই দোকানি আরও বলেন, আশপাশের মানুষ ময়লা ফেলে। এ ছাড়া বিভিন্ন বাসা থেকে যারা ময়লা সংগ্রহ করে, তারাও মাঝে মাঝে গভীর রাতে এখানে ময়লা ফেলে যায়।
মোহাম্মদী হোমসের লোহার গেটের সামনে খালের এক অংশ দখল করে টিনের বেড়া দিয়ে গরুর খামার বানানো হয়েছে। এখানে খালের পানি দেখা যায় না। ময়লায় ভারী হয়ে আছে। খালের দুই পাড়েই অসংখ্য দোকান ও বসতি। এ ছাড়া সাঁকো নির্মাণের নিষেধাজ্ঞা থাকলেও যে যার মতো সাঁকো বানিয়ে নিয়েছে।
পুরো খালের পানিই কালো ও নোংরা; ফলে বিকট দুর্গন্ধ বাতাস ভারী করছে। মোহাম্মদী হোমসের বাসিন্দা সালমা খাতুন বলেন, খালের ময়লার জন্য এলাকায় মশা কমে না। সন্ধ্যা হলেই দরজা-জানালা সব বন্ধ রাখতে হয়।
খালের একটি অংশ পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, দেড় মাস আগেও জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও ওয়াসার সঙ্গে আলোচনা হয়েছে এর দখলের জায়গাগুলো চিহ্নিত করার জন্য। মশার উপদ্রব নিয়ে বললেন, সারা ঢাকায়ই এ সমস্যা। তাঁরা নিয়মিত স্প্রে করছেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান প্রথম আলোকে বলেন, এ খালের ব্যাপারে তিনি ড্রেনেজ বিভাগের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবেন এর কী অবস্থা।