আবর্জনা নিয়ে মিরপুরবাসীর যন্ত্রণা শিগগিরই কাটছে না। ব্যস্ততম রোকেয়া সরণিতে আবর্জনা ফেলার কনটেইনারগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত রাখা হবে। ফলে আরও প্রায় চার মাস রোকেয়া সরণিতে আবর্জনার স্তূপ থাকবেই।
মিরপুরবাসীর ফার্মগেটের দিকে যাওয়ার এই একমাত্র পথটিতে আবার চলছে মেট্রোরেলের জরিপকাজ। একদিকে রাখা হয়েছে আবর্জনার কনটেইনার, অন্যদিকে চলছে মেট্রোরেলের কাজ। ফলে সড়কের অর্ধেক অংশে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এর সঙ্গে যেখানে-সেখানে বাস ও লেগুনা থামানো তো আছেই। ফলে রাজধানীর প্রায় ৫০ লাখ মানুষের বসতি ওই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটিতে এখন ছুটির দিন শুক্র-শনিবারেও তীব্র যানজট লেগে থাকছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে গত জুনে বলা হয়েছিল, সড়কের ওপর ফেলে রাখা আবর্জনার কনটেইনারগুলো দ্রুত সরানো হবে। প্রায় দুই মাস হয়ে গেল, এখনো প্রধান সড়কের অন্তত ১০টি স্থানে ফেলে রাখা পূতিগন্ধময় ময়লার কনটেইনার আগের মতোই উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। কনটেইনারগুলোর বেশির ভাগই আবার বাসস্ট্যান্ড-সংলগ্ন স্থানে। ফলে যানজট তো সৃষ্টি হচ্ছেই, জনস্বাস্থ্যও পড়ছে হুমকির মুখে।
গতকাল শুক্রবার রাজধানীর গাবতলীতে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলাকালে দেওয়া বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, সরকারের কাছে প্রতিটি ওয়ার্ডে আবর্জনা ফেলার জন্য একটি সুনির্দিষ্ট জায়গা চাওয়া হয়েছে। তিনি আশা করছেন, ওই জায়গা আগামী ডিসেম্বরের মধ্যে পেয়ে গেলে সড়কের ওপর আর আবর্জনার কনটেইনার রাখা হবে না।
অন্যদিকে মেট্রোরেলের জরিপকাজের অংশ হিসেবে মিরপুরের ৫৬টি স্থানে ইতিমধ্যে সড়ক খনন করা হয়েছে। ৭ থেকে ১০ মিটার আয়তনের একেকটি গর্ত খুঁড়ে দেখা হচ্ছে সেখানে কোন কোন সেবা খাতের অবকাঠামো রয়েছে। অবকাঠামোগুলোর ছবি ধারণ করে গর্তটি বালু দিয়ে ভরাট করে দিচ্ছেন মেট্রোরেলের ঠিকাদারেরা। কিন্তু তাতে তো সড়কটি আগের অবস্থায় ফিরছে না। বরং বৃষ্টিতে বালু ধুয়ে গিয়ে গর্তগুলো হয়ে পড়ছে উন্মুক্ত। ফলে বাস ও অন্যান্য যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
একদিকে আবর্জনার ভাগাড়, অন্যদিকে মেট্রোরেলের জরিপকাজ। এ কারণে রোকেয়া সরণির প্রশস্ত সড়ক এখন প্রায় সরু রাস্তায় পরিণত হয়েছে। সেখান দিয়ে থেমে থেমে গাড়ি চলছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই থাকে পুরো সড়কে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও যেতে যেখানে ১০-২০ মিনিট সময় লাগে, সেখানে এখন এক ঘণ্টার কমে বাসগুলো ওই সড়ক অতিক্রম করতে পারে না।
জানতে চাইলে ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরিচালক মোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদ্যমান সড়ক যোগাযোগ অবকাঠামোর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জরিপ কাজ করছি। যে স্থানটি আমরা গর্ত করছি, তা আবার বালু দিয়ে ভরাট করে দিচ্ছি। আর ওই গর্তগুলোকে স্থায়ীভাবে মেরামত করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অর্থ দিচ্ছি।’ তবে বৃষ্টির কারণে বালু দিয়ে ভরাট করা অংশের মাটি দেবে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এই কারণে নগরবাসীর যেটুকু সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা আশা করি শিগগিরই কেটে যাবে।’