আবর্জনা থেকে দারুণ কিছু

শিশুরা সব ঢুকে যাচ্ছে মাছের পেটে। তাদের মুখ হাসি হাসি। যেন মহা এক অ্যাডভেঞ্চারে যাচ্ছে। পাশে দাঁড়ানো ভুটানের শিল্পীদের মুখেও হাসি। এই মাছ তো আর সত্যিকার মাছ নয়! ‘দাগ থেকেই দারুণ কিছু’ এটা বিজ্ঞাপনের কথা। আর ভুটানের থিম্পু থেকে আসা ভাস্টের (ভলান্টারি আর্টিস্ট স্টুডিও থিম্পু) শিল্পীরা বিশ্বাস করেন ‘আবর্জনা থেকে দারুণ কিছু’। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, কফি কাপ, চিপসের প্যাকেট—এ ধরনের জিনিস দিয়ে ভুটানের এই শিল্পীরা তৈরি করেন বিচিত্র সব শিল্পকর্ম।
‘বেশির ভাগ আবর্জনাই শেষ পর্যন্ত সাগরে যায়। সেই আবর্জনা একসময় হয়তো মাছেরা খায়। আর সেই মাছ আমরা খাই। এ কারণেই মাছের এই কাঠামো।’ তাঁদের শিল্পকর্মের কথা বলছিলেন ভুটানের দীপ্তি রানী সুভা। সুভা ও তাঁর সঙ্গীরা বিশ্বাস করেন, এভাবেই জলবায়ু পরিবর্তন বা পরিবেশ সচেতনতা তৈরি করা সম্ভব। বিশেষ করে কচি-কাঁচাদের সহজে পরিবেশ রক্ষায় সচেতন করতে এটি দারুণ এক উপায়।
ঢাকা আর্ট সামিটে গতকাল দিনের শুরুতে স্কুলপড়ুয়াদের সংখ্যাই ছিল বেশি। সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা আর্ট সামিট ২০১৬-এর উপদেষ্টা রাজীব সামদানী বলছিলেন, ‘এবার ঢাকার ৫০টি স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছি আমরা। শেষ দিনেও স্কুলের শিক্ষার্থীদের জন্য আলাদা সময় বরাদ্দ থাকবে।’ সামদানী আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় চার দিনের আর্ট সামিটের শেষ দিন আজ।
স্থাপত্য নিয়ে সংলাপ: কাল তৃতীয় দিনজুড়ে ছিল প্রদর্শনীর পাশাপাশি আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, বইয়ের মোড়ক উন্মোচন আর নানা আয়োজন। চলেছে ক্রিটিক্যাল রাইটিং নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘ক্রিটিক্যাল রাইটিং অ্যানসেম্বল’। ঢাকা আর্ট সামিটে এবারই প্রথমবার যুক্ত হয়েছে বাংলাদেশের স্থাপত্য নিয়ে আয়োজন। এ-বিষয়ক সংলাপের আয়োজন ছিল গতকাল চিত্রশালা মিলনায়তনে। ফারুক দেরাকশানির সঞ্চালনায় এই আলাপে ঢাকার স্থাপত্যচর্চার নানা দিক তুলে ধরেন স্থপতিরা। উঠে আসে ঢাকার আশপাশে ক্রমাগত জলাশয় ভরাট করে ভবন নির্মাণের পরিবেশগত প্রভাবের বিষয়টিও। আলোচকদের মধ্যে ছিলেন স্থপতি সামসুল ওয়ারেস, কাজী খালেদ, নুরুর রহমান খান ও কাশেফ চৌধুরী।
আত্ম অন্বেষণ: ঢাকা আর্ট সামিটে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের বেশ কিছু গ্যালারি। শুরুর দিকে ভিড়টা কম থাকলেও কাল জমজমাট ছিল বাংলাদেশ আর্ট স্পেস। বেঙ্গল ফাইন আর্টস গ্যালারি, গ্যালারি চিত্রক, গ্যালারি কায়া থেকে গ্যালারি ২১, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড, অ্যাথেনা কিংবা সানফ্লাওয়ার গ্যালারি—সবখানে ছিল দেশি-বিদেশি উত্সুক দর্শকদের উপস্থিতি। ‘আত্ম অন্বেষণ’ বিভাগে মুর্তজা বশীর, রফিকুন নবী, রণজিৎ দাশ ও শেখ আফজালের মতো শিল্পীদের কাজের দিকেও ছিল দর্শকদের আগ্রহ।