আবর্জনা দিয়ে কবরস্থান ভরাট!
ময়লা-আবর্জনা দিয়ে জমি ভরাট করে খুলনা সিটি করপোরেশন কবরস্থান সম্প্রসারণ করছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছে।এলাকাবাসী জানায়, খুলনা সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে নগরের গোয়ালখালীতে একটি বড় কবরস্থান আছে। সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা ওই কবর স্থানের পশ্চিম পাশে রেললাইন-সংলগ্ন এলাকায় নিচু জমি আছে। ওই নিচু জমি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে এখন ‘গোয়ালখালী কবরস্থান সম্প্রসারণের নির্ধারিত জমি, কর্তৃপক্ষ খুলনা সিটি করপোরেশন’ লেখা সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে। এখন ওই নিচু জমি ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করে কবরস্থান সম্প্রসারণ করা হচ্ছে।গোয়ালখালী এলাকার আবুল কাশেম বলেন, কবরস্থান বাড়ানোর নামে বেশ কিছুদিন ধরে খুলনা সিটি করপোরেশন ভ্যানে করে বিভিন্ন এলাকা থেকে ময়লা-আবর্জনা এনে রেললাইনের পাশের ওই জমিতে ফেলছে। কবরের জায়গা ময়লা দিয়ে ভরাট করা উচিত নয়। পবিত্র স্থান হওয়ায় কবরস্থান মাটি দিয়ে ভরাট করা উচিত।গোয়ালখালী কবরস্থানের রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ‘ওখানে প্লাস্টিক-জাতীয় ময়লা ফেলা হচ্ছে। এ প্রসঙ্গে আমাকে না জিজ্ঞেস করে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেন।’সিটি করপোরেশনের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কবরের পাশে রেলের ওই জমিটা এক ব্যক্তি প্লাস্টিক রেখে দখল করেছিলেন। মেয়র সাহেবের নির্দেশে ওখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিছু ময়লা ফেলা হয়েছে। তবে তা সিটি করপোরেশন ফেলেনি। আর কবরস্থান ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করা মোটেই ঠিক নয়।মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘কবরস্থান পবিত্র জায়গা। ওটা ভালো মাটি দিয়েই ভরাট করা হবে। আমাকে না জানিয়েই ওখানে কিছু ময়লা-আবর্জনা ফেলা হয়েছে। ওখানে শিগগিরই ভালো মাটি ফেলা হবে।’