আবর্জনা না সরানোয় অতিষ্ঠ শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা কয়েক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এ কারণে শহরের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। পৌরসভার শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার বিকেলে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোর্শেদুল আলমের নেতৃত্বে আবর্জনা অপসারণের দাবিতে ওই ইউপির মানুষ মানববন্ধন করে। ওই সময় পৌরসভার তিনটি গাড়ি নিয়ে আবর্জনা ফেলতে গেলে মানববন্ধনে অংশ নেওয়া লোকজন পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। এ ঘটনায় শুক্রবার থেকে কর্মবিরতি পালনের ডাক দেয় পৌর কর্মচারী সংসদ ও পৌর শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির কারণে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা গত শুক্রবার থেকে আবর্জনা অপসারণ না করায় ময়মনসিংহের শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক ও আস্তাকুঁড়ে স্তূপ হয়ে আছে আবর্জনা। গত রোববার থেকে বৃষ্টি হওয়ায় পানিতে ভেসে শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ছে ওই সব আবর্জনা। ময়মনসিংহ পৌর শ্রমিক সংসদের সারোয়ার আলম বলেন, ‘ঈদের আগে আমরা কর্মবিরতি কর্মসূচি দিতে চাইনি। কিন্তু মারধরের শিকার পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক অবস্থা এত খারাপ যে তাঁরা কাজ করার উপযুক্ত নন। রাতে মিটিং আছে। বিষয়টি বিবেচনা করা হবে।’ এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল সোমবার বিকেলে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
চর ঈশ্বরদিয়া ইউপির চেয়ারম্যান মোর্শেদুল আলম বলেন, ‘দুর্গন্ধে মানুষ পথ চলতে পারে না। অনেকবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও তারা কোনো ব্যবস্থা না নেওয়া মানুষ মানববন্ধন করে। আমিও মানববন্ধনে যোগ দিই। ’