
মোহাম্মদপুরের লালমাটিয়া ও নিউ কলোনির বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কার্যক্রম চালু হয়েছে। আবর্জনা সংগ্রহের দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার ট্রাস্ট (পিডব্লিউসিএসপি) দুই এলাকার আবর্জনা নেওয়া শুরু করেছে।
এখন থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহ করবে পিডব্লিউসিএসপি। দুই দফায় মোট ১১ দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার থেকে দুই এলাকায় আবর্জনা সংগ্রহের কাজ চালু হয়েছে। আবর্জনা সংগ্রহ করে রাখা হচ্ছে ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের সড়কের অস্থায়ী ভাগাড়ে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘একটা আশার আলো দেখা দিয়েছে। সিটি করপোরেশন থেকে পিডব্লিউসিএসপিকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে। আবর্জনা সংগ্রহ ও ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
লালমাটিয়া ও নিউ কলোনি এলাকায় আবর্জনা সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে গত ২৯ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। তার পরিপ্রেক্ষিতে লালমাটিয়া ও নিউ কলোনি এলাকায় আবর্জনা সংগ্রহ শুরু হয়েছে। একই সঙ্গে ডাম্পিং স্টেশন নির্মাণের বিষয়েও সিদ্ধান্ত এসেছে। এলাকাবাসীর আবর্জনা-সংক্রান্ত সমস্যা ঘুচে গেছে।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয় জানায়, ডিএনসিসির নির্দেশে দুই এলাকায় আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ ছিল। মাঝখানে গত শুক্রবার শুধু এক দিনের জন্য ময়লা সংগ্রহ করে পিডব্লিউসিএসপি। দেখা গেছে, লালমাটিয়া বি-ব্লক এলাকায় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন বা ডাম্পিং স্টেশন নির্মাণাধীন রয়েছে। এখানে ডাম্পিং স্টেশন নির্মাণ করাকে কেন্দ্র করে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ ছিল। বর্তমানে ওই ডাম্পিং স্টেশন নির্মাণের বিষয়ে একটি স্থায়ী সিদ্ধান্ত হয়েছে। এর ভিত্তিতে আবর্জনা সংগ্রহের কাজ চালু হয়েছে। জানা গেছে, লালমাটিয়ার সাতটি (এ, বি, সি, ডি, ই, এফ, জি) ব্লক ও নিউ কলোনির ৫৯০টি ভবনে প্রায় তিন হাজার পরিবারের বসবাস। মাস দুয়েক আগে নির্ধারিত জায়গায় ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ শুরু হয়। ২০ দিন কাজ চলার পর তা বন্ধ হয়ে যায়। ২০টা ভ্যান ও ৪০ জন কর্মী দুই এলাকার আবর্জনা সংগ্রহ করে। প্রতিদিন প্রায় ২০ টন আবর্জনা সংগ্রহ করা হয়।
পিডব্লিউসিএসপির আবর্জনা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘আবর্জনা নেওয়া শুরু হয়েছে, আর বন্ধ হবে না। এখন থেকে আমরা প্রতিদিন আবর্জনা সংগ্রহ করব।’
গতকাল বুধবার সেখানে গিয়ে দেখা যায়, লালমাটিয়ার কয়েকটি সড়কে এখনো আবর্জনা জমে আছে। আবর্জনা সংগ্রহকারীরা বাসাবাড়ি ঘুরে আবর্জনা নিচ্ছেন। সংগ্রহ করা আবর্জনা কাউন্সিলর কার্যালয়ের সামনের অস্থায়ী ভাগাড়ে জড়ো করছেন। ভাগাড়টি বেশ ছোট। ভাগাড় ছাপিয়ে সড়কের অর্ধেক পর্যন্ত পড়ে আছে আবর্জনা। আশপাশের বাতাসে গলিত বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
আবর্জনা সংগ্রহ ও ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ চালু হওয়ার বিষয়ে ডিএনসিসি ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, নির্ধারিত জায়গায় সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন বসানো হবে। দ্রুতই আবার নির্মাণকাজ শুরু হবে। ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কাউন্সিলর কার্যালয়ের সামনের অস্থায়ী ভাগাড়ে আবর্জনা জড়ো করা হবে। এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।