আবর্জনা পরিষ্কারে নেমে গেলেন ইউপি সদস্য
কুড়িগ্রামের রৌমারীতে মানুষের দুর্ভোগ কমাতে সড়কের আবর্জনা পরিষ্কার করতে নিজেই শ্রমিকদের সঙ্গে নিয়ে তিন দিন ধরে কাজ করে চলেছেন রবিউল করীম নামের এক ইউপি সদস্য। রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তিনি।
রৌমারী উপজেলা সদরের প্রায় প্রতিটি রাস্তার পাশেই ময়লা-আবর্জনা এবং কাদা, পানি জমে দুর্গন্ধ ছড়ায়। গত কয়েক দিনের বৃষ্টিতে এ পানি উপচে রাস্তায় এসে জমে ছিল। এতে পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে পড়ে স্থানীয় ইউপি সদস্য রবিউলের। তিনি গত শুক্রবার কয়েকজন শ্রমিক ও ট্রাক ভাড়া করে নিজেই নেমে পড়েন সড়ক পরিষ্কারের কাজে। গতকাল সোমবার পর্যন্ত টানা তিন দিন তিনি শ্রমিকদের সঙ্গে নিয়ে এসব ময়লা পরিষ্কার করেছেন। একজন ইউপি সদস্যের এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
হযরত আলী নামের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি এভাবে কাজ করতেন তবে দেশটাই বদলে যেত। রবিউল করীমের এ উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে মত প্রকাশ করেন দেলোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অত্যন্ত জনপ্রিয় রবিউল করীম। তিনি পরপর দুবারের নির্বাচিত ইউপি সদস্য।
ইউপি সদস্য রবিউল করীম বলেন, ‘আমার নির্বাচনী এলাকার রাস্তায় কাদা, পানি জমে থাকায় মানুষ ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেব মানুষের দুর্ভোগ নিরসন করা আমার দায়িত্ব। তাই আমি শ্রমিকদের সঙ্গে নিয়ে রাস্তা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘রবিউল যা করছেন, তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। বিপদে আপদে আমরা জনপ্রতিনিধিরা যদি মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি, তাহলে এলাকার উন্নয়ন হবেই।’