আবর্জনা ফেলে পানি নিষ্কাশনের পথ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভার কোদালীছড়ার মধ্যে ময়লা-আবর্জনার স্তূপ l ছবি: প্রথম আলো
মৌলভীবাজার পৌরসভার কোদালীছড়ার মধ্যে ময়লা-আবর্জনার স্তূপ l ছবি: প্রথম আলো

মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি শুধু কোদালীছড়া দিয়ে নিষ্কাশন করা হয়। অথচ পৌরবাসী ময়লা-আবর্জনা ফেলে এটি ভাগাড়ে পরিণত করেছে। এতে একদিকে ছড়াটি ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে পানি সরানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের পূর্বাঞ্চলের বর্ষিজুরার পাহাড়ি এলাকার উৎপত্তিস্থল থেকে প্রায় নয় কিলোমিটার দীর্ঘ কোদালীছড়া হাইল হাওর হয়ে গোপলা নদীর সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় তিন কিলোমিটার পড়েছে পৌর এলাকায়।
পৌরসভার বাসিন্দারা আরও বলেন, একসময় বর্ষাকালে কোদালীছড়া দিয়ে নিয়মিত নৌকা চলাচল করত। ভাটি অঞ্চলের মানুষ নৌকা দিয়ে মৌলভীবাজার শহরে আসা-যাওয়া করতেন। পণ্য পরিবহন করতেন। সেই কোদালীছড়া এখন বর্ষা মৌসুমে শহরবাসীর দুর্ভোগের কারণ। সামান্য বৃষ্টি হলেই ছড়ার পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়। শহরের সার্কিট হাউস এলাকা, পূর্ব গির্জাপাড়া, টিবি হাসপাতাল রোড, কাশীনাথ রোড, সৈয়ারপুর স্কুল রোড, মাঝেরহাটি সড়ক, রিয়াছত উল্লা সড়ক, শান্তিবাগ, সৈয়দ মুজতবা আলী সড়ক, গোবিন্দশ্রী, বড়হাট, শেখেরগাঁও, বেরিরচর, কাজিরগাঁও, আরামবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও বাসাবাড়িতে পানি উঠে যায়।
গত বৃহস্পতিবার শহরের পূর্ব সুলতানপুর এলাকায় রাস্তার পাশ ঘেঁষে কোদালীছড়া এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয় লোকজন ছড়ার পানিতে আর ছড়ার আশপাশে ময়লা-আবর্জনা ফেলে রেখেছেন। বাসাবাড়ির বিভিন্ন প্রকার বর্জ্যে ছড়াটির অনেকখানি জায়গা ভরাট হয়ে গেছে। ছড়ার পানি কালো হয়ে গেছে। উত্তর কলিমাবাদ এলাকায় কোদালীছড়ার ওপর নির্মিত কালভার্টের দুই পাশে বিশাল এলাকাজুড়ে আবর্জনা পানিতে ভাসছে। আবর্জনার কারণে পানিপ্রবাহ আটকে যাচ্ছে। একইভাবে কোর্ট রোডে মৌলভীবাজার প্রেসক্লাবের পাশে লোকজন নোংরা-আবর্জনা এনে ফেলে দিচ্ছেন ছড়ায়। ফাটাবিল এলাকাতেও একই অবস্থা।
পৌরসভার একজন কর্মকর্তা বলেন, পৌরসভার নির্দিষ্ট লোকজন প্রতিদিন বাসাবাড়ি থেকে ভ্যানগাড়ি দিয়ে ময়লা নিতে আসে। কিন্তু একশ্রেণির মানুষ ভ্যানগাড়িওয়ালাকে প্রতি মাসে ৫০ বা ১০০ টাকা না দিয়ে কোদালীছড়া ও পানিনিষ্কাশনের নালার মধ্যে ময়লা ফেলেন। অনেকে চার-পাঁচতলা থেকে নিচে ময়লা ফেলে দেন।
এ বিষয়ে মেয়র মো. ফজলুর রহমান গত বৃহস্পতিবার বলেন, কিছুদিন আগে ছড়াটি একবার পরিষ্কার করা হয়েছিল। কিন্তু আবার ময়লায় ভরে উঠেছে। পৌরসভা আবারও ময়লা পরিষ্কার করবে। কোদালীছড়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং ছড়াতে যাতে কেউ ময়লা না ফেলেন, সে জন্য জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।