আবর্জনা ফেলে পৌরসভাই করছে পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরের একটি পুকুরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পুকুরটি পৌরসভার। পৌর কর্তৃপক্ষই ভরাট করার জন্য ওই পুকুরে ময়লা-আবর্জনা ফেলছে। এতে পুকুরের পানি দূষিত হচ্ছে এবং এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এভাবে ময়লা ফেললে পুকুরটি একসময় হারিয়ে যাবে বলে স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করেছে।জানা গেছে, শহরের লক্ষ্মীতলা-নামাপাড়া এলাকায় পৌরভবনের পাশেই ওই পুকুর। স্থানীয় লোকজন শুষ্ক মৌসুমে ওই পুকুরে গোসল করে এবং এর পানি দিয়ে থালা-বাসন পরিষ্কারসহ নানা ধরনের কাজ করে। কিন্তু এক বছর ধরে আবর্জনা ফেলায় পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুকুরটির এক পারে পৌরসভার ডাকবাংলো। ওই ডাকবাংলোর পাশ দিয়ে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ওই এলাকার বাসিন্দা সুভাস দাস বলেন, এই পুকুরের পানি স্থানীয় লোকজন গোসল করাসহ বাড়ির অন্যান্য কাজে ব্যবহার করে। এখন এতে আবর্জনা ফেলায় এলাকায় পানি পচা গন্ধ ছড়িয়ে পড়ছে। বাতাস হলে এই গন্ধ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। একই এলাকার গৃহবধূ সুচিত্রা সরকার জানান, শুকনার সময় (শুষ্ক মৌসুম) এই পুকুরের পানি এলাকার লোকজনের ভরসা। এখন সেই পানি নষ্ট হয়ে যাচ্ছে। তাঁদের কষ্টের কথা কেউ মনে করে না।শেরপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন কুমার দাস বলেন, পৌরসভার সিদ্ধান্তে ভরাট করার জন্য ময়লা-আবর্জনা ওই পুকুরে ফেলা হচ্ছে। তবে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেঞ্চদ জানান, পানির চাপে পাড় ভেঙে ওই পুকুরের পাশে থাকা পৌরসভার ডাকবাংলোর যাতে ক্ষতি না হয় সে জন্য এতে আবর্জনা ফেলা হচ্ছে। পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু জানান, ডাকবাংলো রক্ষার জন্য ওই পুকুরে আবর্জনা ফেলা হচ্ছে। এতে পুকুরের পানি নষ্ট হওয়ার কথা কেউ তাঁকে জানায়নি। পৌর পরিষদের সভায় এই পুকুরটি ভরাটের আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।