আবর্জনায় ভরা ছড়া
সাড়ে তিন মাস আগে সিলেট নগরের ছড়া (পানিপ্রবাহের নালা) বলরামের খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পানি চলাচলের পথ সুগম করে দেওয়া হয়। এরপর সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় ছড়াটিতে পুনরায় ময়লায়-আবর্জনা জমে পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে গেছে।
বলরামের খালটি নগরের জামতলা থেকে তালতলা হয়ে কাজির বাজারের দিকে সুরমা নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এ খাল দিয়ে তীব্র বেগে নদীতে গিয়ে পড়ে। এ ছড়ার পানি চলাচল স্বাভাবিক থাকলে আশপাশের অন্তত ১০টি এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে রেহাই পান।
সরেজমিনে দেখা গেছে, ছড়ার পানিতে অন্তত আধা কিলোমিটারজুড়ে পরিত্যক্ত প্লাস্টিক, পলিথিন ও বোতলজাত দ্রব্য ভাসছে। এ ছাড়া কাপড়, কাগজের শক্ত কার্টন, কর্কশিটসহ চিকিৎসাবর্জ্যও রয়েছে।
তালতলা এলাকার ব্যবসায়ী আনিছুর ইসলাম বলেন, সাড়ে তিন মাস আগে ছড়ায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছিল। এরপর আর নজরদারি না থাকায় সেখানে মাত্রাতিরিক্ত আবর্জনা পড়ে ভরাট হয়ে গেছে। জামতলা এলাকার বাসিন্দা নাট্যকর্মী রজতকান্তি গুপ্ত জানান, ছড়াটি ক্রমশ আশপাশের বাসিন্দাদের মাধ্যমে দখল হতে হতে সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি সেখানে নানা রেস্তোরাঁর উচ্ছিষ্ট ও পচা খাবার ফেলায় সারাক্ষণ উৎকট গন্ধ ভেসে বেড়ায়।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, শিগগিরই ছড়াটির ময়লা অপসারণে উদ্যোগ নেওয়া হবে। এর পর থেকে নিয়মিতভাবেই ছড়াটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। এর বাইরে ছড়ার ওপর অবৈধ স্থাপনা নির্মিত হলে সেগুলো উচ্ছেদেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।