আবর্জনায় ভরে গেছে রূপনগর খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দখলবাজির কারণে হয়েছে সংকুচিত। গৃহস্থালির বর্জ্য ও আবর্জনায় হয়েছে ভরাট। এ চিত্র মিরপুরের রূপনগর আবাসিক এলাকার পশ্চিম পাশের রূপনগর খালের। গতকাল তোলা ছবি l প্রথম আলো
দখলবাজির কারণে হয়েছে সংকুচিত। গৃহস্থালির বর্জ্য ও আবর্জনায় হয়েছে ভরাট। এ চিত্র মিরপুরের রূপনগর আবাসিক এলাকার পশ্চিম পাশের রূপনগর খালের। গতকাল তোলা ছবি l প্রথম আলো

মিরপুরের রূপনগর আবাসিক এলাকার পশ্চিম পাশের রূপনগর খাল ভরে গেছে আবর্জনায়। এই খাল দিয়েই মিরপুর ১, ২ ও ৬ নম্বর এবং রূপনগর আবাসিক এলাকার অধিকাংশ পানি ও বর্জ্য বেরিয়ে তুরাগ নদে মেশে।
এলাকাবাসী ও ঢাকা ওয়াসার বক্তব্য অনুযায়ী, খাল দখল করে বস্তি তৈরি করা, খালে গৃহস্থালি বর্জ্য ফেলা ও নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে খালটির এই দশা হয়েছে। ওয়াসা মনে করছে, খাল পরিষ্কার রাখতে হলে বাইরের ময়লা ফেলা বন্ধ করতে হবে। আর পানিনিষ্কাশনের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকেই ব্যবস্থাপনার দায়িত্ব দিতে হবে।
কয়েক দিন ধরে সরেজমিনে খালপাড়ের এলাকাগুলো ঘুরে দেখা গেছে, খালের শুরু দুটি উৎস থেকে। একটি মিরপুর ২ নম্বর সেকশনের জি/১ এলাকার ১৯ নম্বর সড়কের মাথা থেকে। অন্যটি বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ফ্যাক্টরি কলোনির মধ্য থেকে। বিভিন্ন এলাকার ভেতর দিয়ে নালার মাধ্যমে দুটি উৎসই এসে মিলেছে রূপনগর আবাসিক এলাকার পশ্চিম পাশের খালে।

বৃষ্টি হলে মসজিদে পানি
বৃষ্টি হলে মসজিদে পানি

রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি তৌহিদুল বাসার ও সাধারণ সম্পাদক কাজী আবদুল হাই অভিযোগ করেন, ওয়াসা খাল খনন ও পরিষ্কার করছে না। পানি বেরোনোর পথ তৈরি করছে না। ওয়াসা যেসব স্থানে খাল ভরাট করে ড্রেনের মাধ্যমে পাইপ দিয়ে পানি ও বর্জ্য অপসারণ করছে, সেসব স্থানে আবর্জনা আটকে আছে। বস্তিবাসী অবৈধভাবে খালের ওপর থাকছেন। তা ছাড়া একটি আবাসন কোম্পানি কালভার্ট নির্মাণ করায় খালের প্রশস্ততা অনেকাংশে কমে গেছে। ফলে নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হচ্ছে, জলাবদ্ধতা লেগেই থাকছে।
জানা গেছে, পথচারী চলাচলের জন্য ওয়াসা খালপাড়ে গত বছরই ১০ ফুট চওড়া রাস্তা তৈরি করে। কিন্তু দেখা গেছে, অধিকাংশ জায়গায়ই রাস্তা প্রায় ভেঙে গেছে। খালপাড় এলাকায় কয়েক দফা বস্তি উচ্ছেদ করা হলেও আবারও দখল হয়ে গেছে।
আবর্জনা জমে থাকায় খালে পানির প্রবাহ নেই। রূপনগরের ৬ নম্বর সড়কের শেষ মাথা থেকে কিছুদূর পর্যন্ত খালে পানির চলাচল আছে। আরেকটু সামনে গেলে দেখা যায়, আবাসিকের ১৮ থেকে ২৩ নম্বর সড়ক পর্যন্ত খালের এই অংশে আবর্জনা আটকে আছে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। পানি বা আবর্জনা যাওয়ার জায়গা নেই।
একই পথ ধরে আরও কিছুটা এগিয়ে দেখা গেছে, ২৭ নম্বর সড়কের শেষ মাথায় খালের ওপরে খোয়া, ইট ও বাঁশের একটি বাঁধ দেওয়া হয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেই আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। সড়কটির শেষ মাথায় অবস্থিত বাইতুন নুর ইসলামিয়া মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবদুল আজিজ বলেন, ‘রোজার আগ থেকেই এখানে পানি উঠে আছে। কত আর পরিষ্কার করা যায়, দুই দিন পরপরই পানি ওঠে!’
স্থানীয় কয়েকজন এলাকাবাসীও বললেন, বৃষ্টি হলেই ঘরদোর পানিতে ভরে যায়। ঘরে হাঁটু আর রাস্তায় কোমর সমান পানি।
এই খাল রূপনগর টিনশেড এলাকা হয়ে রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের কালভার্ট পেরিয়ে হাউজিংয়ের ভেতরে ঢুকেছে। দেখা গেল, পানির ওপরেই ভাসমান বস্তি। উৎকট দুর্গন্ধ। পানি বাড়লেই অধিকাংশ ঘরে পানি ওঠে। খাল ধরে ধরে ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে ঢুকলে দেখা যায়, বালুর মাঠ এলাকায় এসে খালটি দুই ভাগ হয়ে গেছে। এই এলাকায় অন্য কোথাও আর খালের দেখা মেলেনি। কয়েকটি ডোবা দেখা গেছে, এলাকাবাসীর কেউ কেউ এটাকেই খাল বলছেন। এলাকার বাসিন্দা শামীমুজ্জামান বলেন, ‘খাল এহানেই শেষ। নিচ দিয়া ড্রেন আছে। এইহান থেইক্যা খালের পানি ড্রেন দিয়া চইলা যায়। তয় পানি বাড়লে বালুর মাঠ তলাইয়া যায়। তহন আর এই ড্রেনে কুলায় না।’
খালের ওপর বাঁধের বিষয়ে জানতে ২০ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বাঁধ সরানোর নির্দেশ দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ বছরের মার্চ ও মে মাসে দুবার খাল পরিষ্কার করা হয়েছে। তারপরও আবর্জনা কমছে না। এ বিষয়ে এলাকাবাসী ও স্থানীয় ওয়ার্ড কমিশনারদেরই বেশি সচেতন থাকতে হবে। বাইরের আবর্জনা খালে ফেলা বন্ধ করতে পারলে খাল পরিষ্কার থাকবে।’
খালপাড়ের রাস্তা ও বস্তি সম্পর্কে তাকসিম এ খান বলেন, ‘খাল দখলমুক্ত রাখার জন্যই খালপাড়ে সড়ক তৈরি করা হয়েছিল। এটা অনেকটা সীমানার মতোই, যাতে এটা পেরিয়ে কেউ খাল দখল করতে না পারে। আর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাঝেমধ্যেই বস্তি উচ্ছেদ কার্যক্রম চলে। কিন্তু কিছুদিন পর আবারও বস্তি বসে যায়।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশের পর ২৯ আগস্ট আবারও ওই এলাকায় গিয়ে দেখা গেছে, বাঁধ আগের মতোই আছে। সরানোর নির্দেশ কোনো কাজেই আসেনি।