আবর্জনার দুর্গন্ধে কলেজে যাওয়া দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাগাড় থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিদিন নাক ধরে কলেজে যাই, আবার নাক ধরে কলেজ থেকে বের হই। একই কারণে মাঝেমধ্যে ক্লাস করা দায় হয়ে যায়।’ পাবনার সুজানগর মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শিলা খাতুন মঙ্গলবার এ কথাগুলো বলেন। কলেজটির প্রবেশপথের পাশেই দীর্ঘদিন ধরে পৌরসভার একটি বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভা এ ময়লা-আবর্জনা সরানোর উদ্যোগ নিচ্ছে না। এতে ওই জায়গাটি আঁস্তাকুড়ে পরিণত হয়েছে। এ কারণে কলেজে আসা-যাওয়ার সময় এবং ক্লাস করার সময় দুর্গন্ধের কারণে শিলার মতো সুজানগর মহিলা কলেজের ২৮০ জন ছাত্রী টিকতে পারছেন না। একইভাবে কলেজের ২৬ জন শিক্ষক ও কর্মচারীও অতিষ্ঠ হয়ে উঠেছেন। ময়লা-আবর্জনার স্তূপ ওই স্থান থেকে সরিয়ে নেওয়ার জন্য সুজানগর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপজেলা প্রশাসন ও পৌরসভার মেয়রের কাছে মঙ্গলবার স্মারকলিপি পেশ করেছেন। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সুজানগর বাজারের ২০০ গজ পেছনে কলেজটির অবস্থান। বাজার থেকে কলেজে প্রবেশের জন্য একটি মাত্র সড়ক রয়েছে। এই সড়ক দিয়েই ছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা কলেজে যাওয়া-আসা করেন। এ সড়কের পাশেই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে জায়গাটি বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। কলেজ অধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্সি জানান, অল্প অল্প করে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে জায়গাটি ভাগাড়ে পরিণত হয়েছে। এখন সেখান থেকে সব সময় দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধে টিকতে না পেরে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়রকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো তাঁরা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস বলেন, ‘ওটা পৌরসভার কোনো ভাগাড় নয়। আশপাশের হোটেল, মিষ্টির দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনা ফেলায় জায়গাটি ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই জায়গাটি পরিষ্কার করা হবে।’