আবর্জনার দুর্গন্ধে জনজীবনে দুর্ভোগ
বান্দরবান পৌরসভার উজানিপাড়া ও মধ্যমপাড়া এলাকায় বেহাল সড়ক ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পৌরসভার উজানিপাড়া ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান মংহ্নৈচিং মারমা বেহাল ও অপরিচ্ছন্ন সড়কের কথা স্বীকার করে বলেন, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সড়কের অবস্থার উন্নতি হলে বর্জ্য ব্যবস্থাপনারও সন্তোষজনক পরিবর্তন হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা এনে প্রথমে উজানিপাড়া, পুরোনো রাজবাড়ি, জাদিপাড়া ও মধ্যমপাড়ায় সড়কের পাশে রাখেন। পরে সেগুলো ট্রাকে করে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁরা বলেন, সড়কের পাশে নিয়মিত ময়লা-আবর্জনা রাখায় সেখানে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়।
উজানিপাড়ার বাসিন্দা বিমল দাশ ও এমং মারমা বলেন, সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কে ময়লা-আবর্জনাপূর্ণ পানি জমে যায়।
প্যানেল চেয়ারম্যান মংহ্নৈচিং বলেন, ওয়ার্ড দুটিতে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে শূকর পালন একটি মারাত্মক সমস্যা। শূকর পালনকারীদের আবদ্ধ জায়গায় অথবা পৌরসভার বাইরে গিয়ে শূকর পালন করতে বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো পৌরসভার অনুরোধে সাড়া দেননি।
মধ্যমপাড়ার শূূকর পালনকারী রুবি অং মারমা ও তাঁর স্ত্রী বলেন, পরিবারের প্রয়োজনে তাঁরা শূকর পালন করেন। এ জন্য তাঁদের শূকর পালন বন্ধ কিংবা পৌরসভার বাইরে গিয়ে পালন করা সম্ভব নয়। তাঁরা বলেন, দিনের বেশির ভাগ সময় তাঁরা শূকর আবদ্ধ করে রাখেন।
পৌরসভার মেয়র জাবেদ রেজা সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সভায় বলেন, পৌর এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করা হচ্ছে।