
ময়লা-আবর্জনা ফেলার নিজস্ব জায়গা নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিপুল পরিমাণ বর্জ্য অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ ওই সব এলাকার মানুষ।
বর্তমানে নারায়ণগঞ্জের বর্জ্য মূলত বন্দর, সিদ্ধিরগঞ্জ ও শহরের চারুকলা ইনস্টিটিউটের পাশে ফেলা হচ্ছে। এর মধ্যে বন্দর ও সিদ্ধিরগঞ্জে কখনো পরিত্যক্ত স্থানে আবার কখনো ব্যক্তিমালিকানাধীন জায়গায় বর্জ্য ফেলা হয়। নির্দিষ্ট জায়গা না থাকায় অনেক সময় ডোবা বা নিচু এলাকায় ময়লা ফেলা হয়। স্থানীয় কাউন্সিলররা এসব এলাকার লোকজনের সঙ্গে কথা বলে অস্থায়ীভাবে ময়লা ফেলার ব্যবস্থা করেন। এক জায়গা ময়লায় পূর্ণ হয়ে গেলে আবার অন্য জায়গা খুঁজে ময়লা ফেলা হয়।
আর নারায়ণগঞ্জ শহরে ময়লা ফেলা হয় রেলওয়ের জায়গায়। এই জায়গার পাশেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর হাতিরঝিলের আদলে লেক ও বিনোদন পার্ক গড়ে তোলা হচ্ছে। এর আগে শহরের ময়লা অন্য জায়গায় ফেলা হতো। পরে পরিবেশ অধিদপ্তরের বাধার কারণে এখন এখানেই ময়লা ফেলা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চারুকলার এক পাশে চলছে লেক ও পার্ক নির্মাণের কাজ। অন্য পাশে গাড়ি দিয়ে ময়লা ফেলা হচ্ছে। বিশাল এলাকাজুড়ে ময়লার স্তূপ। আশপাশে আছে ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল ও মসজিদ। স্থানীয় দু-তিনজন বাসিন্দা অভিযোগ করেন, শহরের প্রাণকেন্দ্রে এভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বাতাসে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আশপাশের বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই বিভিন্ন অস্থায়ী স্থানে ময়লা ফেলতে হচ্ছে। অনেক সময় সংশ্লিষ্ট এলাকাবাসী আপত্তি জানায়। কখনো পরিবেশ অধিদপ্তর থেকে বাধা আসে। কিন্তু তারপরও ময়লা ফেলতে হচ্ছে। তবে তাঁদের দাবি, এসব ময়লা ফেলার জায়গায় ব্লিচিং পাউডার ব্যবহার করাসহ দুর্গন্ধ সহনীয় পর্যায়ে রাখতে প্রতিনিয়ত পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন।
এ বিষয়ে জানার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলামের মুঠোফোনে গতকাল রাত সাড়ে আটটার দিকে কল করলেও তিনি ধরেননি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মকর্তা আলমগীর হিরণ প্রথম আলোকে বলেন, ‘অস্থায়ীভাবে আর বেশি দিন ময়লা ফেলা হবে না। শহরের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়িতে স্থায়ীভাবে ২৪ একর জমি গ্রহণের প্রক্রিয়া চলছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘নিজস্ব স্থায়ী ময়লা ফেলার স্থান না থাকায় আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা একটা জায়গার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি। আগামী দু-তিন মাসের মধ্যে একটা ভালো খবর পাওয়া যেতে পারে।’