আবর্জনার মধ্যে বিদ্যুতের খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বাইমাইল এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে বসানো হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
গাজীপুরের বাইমাইল এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে বসানো হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কড্ডা ও বাইমাইল এলাকায় আবর্জনার মধ্যে বিদ্যুতের খুঁটি স্থাপন করা হচ্ছে। এ কারণে ঝুঁকির মধ্যে পড়েছে বেশ কয়েকটি খুঁটি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি খুঁটিগুলো স্থাপন করছে।
কড্ডা ও বাইমাইল এলাকায় গিয়ে দেখা যায়, ময়লার মধ্যে গর্ত করে সেখানে খুঁটি বসানো হচ্ছে। এলাকাবাসী বলেন, কড্ডা ও বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ২০-৩০ ফুট ময়লা আবর্জনা আছে। তার ওপর পল্লী বিদ্যুতের খুঁটিগুলো বসানো হচ্ছে। মাটি ছাড়াই ময়লার ওপর গর্ত করে খুঁটি স্থাপন করা হচ্ছে। ওই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে।
পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণ পাশে গাজীপুরের নাওজোড় এলাকা থেকে কোনাবাড়ী পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণে অনেকগুলো বিদ্যুতের খুঁটি আছে। সড়কের দক্ষিণ পাশের খুঁটিগুলো অনেক নিচু হয়ে যাওয়ায় সেগুলো পরিবর্তন করা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা আরও বলেন, নিয়ম অনুযায়ী ২৫ ফুট খুঁটির জন্য ৫ ফুট গর্ত করতে হবে। খুঁটির দৈর্ঘ্য ৫ ফুট করে বাড়লে প্রতি ৫ ফুটের জন্য ৬ ইঞ্চি গর্ত করে খুঁটি বসাতে হবে। ময়লা- আবর্জনার ওপর খুঁটি বসাতে হলে খুঁটির গোড়ায় ঢালাই করতে হবে। কারণ, ময়লা-আবর্জনার ওপর খুঁটি স্থাপন করা ঝুঁকিপূর্ণ।
খুঁটি বসানোর ঠিকাদার মোজাম্মেল হক সরকার বলেন, আবর্জনার স্থানে ৫০ ফুট খুঁটি স্থাপন করা হচ্ছে ৮ ফুট গর্ত করে। ময়লা-আবর্জনা ছাড়া খুঁটি স্থাপন করার জন্য তার আশপাশে মাটি নেই। ২০-৩০ ফুট গভীরে মাটি রয়েছে, এত গর্ত করে খুঁটি স্থাপন করা সম্ভব নয়। কড্ডা থেকে কাশিমপুর কারাগার পর্যন্ত বসানোর দায়িত্বে আছেন তিনি। প্রতিটি খুঁটি স্থাপন করার জন্য ৩ থেকে ৪ হাজার টাকা পাচ্ছেন তিনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ সমিতির এক প্রকৌশলী বলেন, গাজীপুরের কড্ডা ও বাইমাইল এলাকায় খুঁটিগুলো আবর্জনার ওপর বসানো হয়েছে। ঢালাই না দেওয়ার কারণে এগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (জিএম) এ এইচ এম নজমুল ইসলাম বলেন, কোনাবাড়ী, মৌচাক ও কালিয়াকৈর এলাকার নতুন লাইনের জন্য খুঁটি স্থাপনের কাজ করা হচ্ছে। তাঁরা শতভাগ পরীক্ষা করে কাজ বুঝে নেবেন। এ ছাড়া কোনো স্থানেই ঝুঁকিপূর্ণভাবে খুঁটি স্থাপন করা হবে না।