আবর্জনার স্তূপে ট্রাকের সংঘর্ষ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সদর উপজেলার কড্ডা বাইমাইল এলাকায় গতকাল বুধবার ভোরে সিটি করপোরেশনের আবর্জনার স্তূপে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। মহাসড়কে যানবাহনের চাপ বেশি ও সংস্কারকাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহাসড়কের কড্ডা এলাকায় দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশন আবর্জনা ফেলে আসছে। আবর্জনা মহাসড়কের অর্ধেক পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ আবর্জনার কারণে এ পর্যন্ত বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল ভোরে বৃষ্টির সময় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকগামী মালভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও সহকারীসহ চারজন আহত হন। তাঁদের কোনাবাড়ী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর সেখানে আরও দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইলগামী একটি মালভর্তি ট্রাক উল্টে মহাসড়কের দক্ষিণ পাশে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালকসহ দুজন আহত হন। ওই সময় থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ একদিকমুখী (ওয়ানওয়ে) করে যান চলাচলের ব্যবস্থা করেন। এতে কড্ডার উভয় দিকে কালিয়াকৈরের মৌচাক ও ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে সাটটার দিকে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আবর্জনার স্তূপের কারণে যান চলাচল ব্যাঘাত হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরী বাড়ি, চান্দনা-চৌরাস্তাসহ অনেক স্থানে পানি জমে যায়। ফলে গর্তে পড়ে অনেক গাড়ি বিকল হয়ে পড়ে। চান্দনা-চৌরাস্তা রহমান শপিং মলের সামনে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে ও গর্তে বিকল হয়ে পড়ে গাজীপুর-নবীনগর রুটে চলাচলকারী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে গাজীপুর শহরের শিববাড়ী থেকে ঢাকাগামী সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
প্রকৌশলী মো. মঈনুদ্দিন বলেন, ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার জন্য গতকাল ভোরে রওনা দেন। সকাল সাতটার দিকে ভোগড়া এলাকায় পৌঁছান। এক ঘণ্টা বসে থাকার পর হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তাঁর মতো অনেক যাত্রীই হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছান। কোনাবাড়ীর হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক জানান, মহাসড়কের আবর্জনার স্তূপ অপসারণে সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার চিঠি দিলেও কোনো কাজ হয়নি।
গাজীপুরের নাওজোড় মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল পাশা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলছে প্রায় এক বছর ধরে। কিন্তু নির্মাণকাজের ধীরগতি ও বর্ষাকাল থাকায় উন্নয়নকাজ বিলম্বিত হচ্ছে। এরই মধ্যে মহাসড়কের চান্দনা-চৌরাস্তা, পোড়াবাড়ীসহ বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ ছাড়া দুই লেনের গাড়ি এক লেনে চলাচল করায় এ মহাসড়ক দিয়ে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে।
হাইওয়ে পুলিশ জানায়, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল সকাল থেকেই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা অনেক বেশি থাকায় প্রায় পাঁচ-সাত কিলোমিটার এলাকাব্যাপী যানজটের সৃষ্টি হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল জানান, ক্রাশ প্রোগ্রামের আওতায় গত মঙ্গলবার থেকে সড়ক-মহাসড়কের অবস্থা, যানজট ও দুর্ঘটনার কারণ নির্ণয়ের কার্যক্রম শুরু হয়েছে।