আবর্জনার স্তূপে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য সব বস্তির মতোই নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে গড়ে উঠেছে বউবাজার বস্তি। আবর্জনা আর মানুষ যেখানে একাকার।
‘অনেকেই আসে, কথা বলে চলে যায়, আমাদের এই দুর্গন্ধের মধ্যেই বসবাস করতে হয়’, আক্ষেপ করে বলছিলেন রিকশাচালক নাসির। কুষ্টিয়ায় সংসার চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল বলে সপরিবারে ঢাকায় চলে আসেন ২০১০ সালে। ২০১২ সালের মার্চ মাসে আগুনে বস্তির প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। নাসিরও তাদের একজন। পরিবারগুলোকে ব্যক্তিগতভাবে অনেকে টিন দিয়ে সাহায্য করলেও সরকারিভাবে কোনো সহায়তা করা হয়নি বলে দাবি তাঁর।
আলোর নিচে অন্ধকারের মতো রাজধানীর হাজারীবাগ এলাকায় পাশাপাশি কয়েকটি বস্তি গড়ে উঠেছে। এর মধ্যেই একটি বালুর মাঠের বউবাজার বস্তি।
বস্তির বেশির ভাগ মানুষ বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করেন। কেউ রিকশাচালক, কেউ মজুর। কেউবা অন্য পেশায় নিয়োজিত।
নর্দমার ওপর ঘর তুলে গড়ে ওঠা বস্তির চারদিকে আবর্জনার স্তূপ। তাদের ৮০০ টাকা ঘর ভাড়া দিতে হয়। কাঠের তক্তার ওপর ঝুলন্ত ঘর। বর্ষাকালে ময়লা-আবর্জনা ও নর্দমার পানিতে সয়লাব হয়ে পড়ে চারপাশ। অল্প বৃষ্টি হলেই বেড়ে যায় নর্দমার পানি। নোংরা পরিবেশ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থার অভাব বস্তিবাসীর প্রধান সমস্যা। এরপর প্রতিনিয়ত উচ্ছেদ-আতঙ্ক তো আছেই।
একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, ঢাকা মহানগরে প্রায় পাঁচ হাজার বস্তি গড়ে উঠেছে। এসব বস্তিতে ৫০ লাখের বেশি লোক বসবাস করে।
বস্তির প্রতিটি পরিবারের ঢাকায় আসার গল্প প্রায় একই রকম। গত সপ্তাহে বস্তিতে গেলে এই প্রতিবেদককে অস্বাস্থ্যকর পরিবেশের কথা বললেন বৃষ্টি (২৫)। বিশেষ করে মাছি এবং তীব্র দুর্গন্ধ। অন্তঃসত্ত্বা বৃষ্টির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঘর ভাড়া দিতে পারতেন না বলে জন্মস্থান ছেড়ে ঢাকায় এই বস্তিতে বাস করছেন। স্বামী রিকশাচালক। বস্তিবাসী শিশু ও নারীদের হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়ার উদাহরণ কম। অন্তঃসত্ত্বা নারীরা গর্ভকালীন নানা জটিলতায় ভুগলেও অর্থের অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না, জানালেন বৃষ্টি। তিনিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারছেন না।
বস্তিবাসী শিশুদের স্কুলে পড়ার হার খুব কম। আট বছর বয়সী শিশু মামুন বলল, ‘আমি ঢাকা ভার্সিটিতে যাই, কাগজ টুকাই সারা দিন, স্কুলে যাই না।’
খাওয়ার পানির ভয়াবহ সমস্যা পুরো বস্তি এলাকায়। এত সমস্যার মধ্যেও এ বছর বস্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এটা কিছুটা হলেও স্বস্তির বলে জানালেন কয়েকজন।
বস্তিঘরের মালিক দুলালের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর ১৫টি ঘর আছে। ভাঙারি দোকান আছে একটি। তাঁর অভিযোগ, আবর্জনা পরিষ্কার করার ব্যাপারে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই।
অভিযোগের জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ফারুক জলিল খুব শিগগিরই বস্তিতে আবর্জনা পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে বলে জানালেন।