আবর্জনায় ঠাসা গোয়ালিছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনায় ঠাসা সিলেট নগরের গোয়ালিছড়া। নগরের সোবহানীঘাট এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
আবর্জনায় ঠাসা সিলেট নগরের গোয়ালিছড়া। নগরের সোবহানীঘাট এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পচে যাওয়া শাকসবজি, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পলিথিন, চটের বস্তা, বাঁশের টুকরিসহ নানা ধরনের ময়লা-আবর্জনা স্তূপাকারে ভাসছে। এসবে ওড়াউড়ি করছে মশা। পানি হয়ে আছে কালচে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। এটি নগরের সোবহানীঘাট এলাকা দিয়ে প্রবাহিত গোয়ালিছড়ার নিয়মিত দৃশ্য।

সিটি করপোরেশন কর্তৃপক্ষের অভিযোগ, ছড়ার পাশেই নগরের বৃহত্তম সবজির আড়ত অবস্থিত। প্রতিদিন সবজি ব্যবসায়ীরা পরিত্যক্ত ও পচে যাওয়া শাকসবজি ছড়ায় ফেলছেন। স্থানীয় দুজন বাসিন্দা জানান, ছড়াটি সরাসরি সুরমা নদীর সঙ্গে সংযুক্ত। তাই ছড়া দিয়ে বৃষ্টির পানি সহজেই নদীতে মিশে যাওয়ার কথা। কিন্তু ছড়াটি সব সময় আবর্জনায় ঠাসা থাকায় পানি সঠিকভাবে প্রবাহিত হতে পারে না।

সরেজমিনে দেখা গেছে, চার-পাঁচজন সবজি ব্যবসায়ী পচে যাওয়া সবজি ছড়ার মধ্যে ফেলছেন। তাঁদের দুজন জানান, ছড়ার পাশে যে সবজির আড়ত অবস্থিত, এখানে কয়েক শতাধিক পাইকারি ব্যবসায়ী রয়েছেন। তাঁদের মাধ্যমেই নগরের অধিকাংশ বাজারে সবজি সরবরাহ করা হয়। এসব ব্যবসায়ীর প্রায় সবাই পরিত্যক্ত সবজি ছড়াটিতে ফেলে থাকেন।

সোবহানীঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন নগরের পনিটুলা এলাকার বাসিন্দা পলাশ তালুকদার। তিনি জানান, সোবহানীঘাট এলাকায় তাঁর এক বন্ধুর দোকান। এখানে তিনি প্রায়ই আসেন। তখন প্রায়ই দেখেন, ব্যবসায়ীরা পরিত্যক্ত সবজি ছড়ায় ফেলছেন। এতে করে ছড়ায় পানিপ্রবাহের পথ রুদ্ধ হচ্ছে। তাই সামান্য বৃষ্টি হলেই সোবহানীঘাট এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা এবং এর প্রভাব নগরের অন্যান্য এলাকায়ও গিয়ে পড়ছে।

সোবহানীঘাট এলাকার বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনোয়ার হোসেন (৩৯) বলেন, কয়েক দিন আগে টানা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় সোবহানীঘাট এলাকাও জলাবদ্ধ হয়। অথচ ছড়াটি ময়লা-আবর্জনামুক্ত থাকলে এমন অবস্থার সৃষ্টি হতো না।

একই এলাকার বাসিন্দা পারভেজ হোসেন বলেন, সবজি ব্যবসায়ীদের সচেতন করতে পারলে ছড়াটি পরিচ্ছন্ন রাখা সম্ভব হতো। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। অথচ তাদের খুব একটা কার্যকর ভূমিকা রাখতেই দেখা যায় না।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ছয় থেকে সাত মাস আগে গোয়ালিছড়ার ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছিল। এ ছাড়া সবজি ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার সিটি করপোরেশন কর্তৃপক্ষ সচেতনতামূলক সভা-সমাবেশও করেছে। সেসব সভায় ছড়ায় পরিত্যক্ত সবজি না ফেলার অনুরোধও জানানো হয়েছে। তবে সেই অনুরোধ উপেক্ষা করে সবজি ব্যবসায়ীরা ঠিকই পচা সবজি ফেলে পানিপ্রবাহের পথ রুদ্ধ করে ফেলছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এই অবস্থায় ছড়াগুলো পরিচ্ছন্ন রাখতে পারলে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে। এ ছাড়া ছড়াটি সব সময় আবর্জনায় ঠাসা থাকায় সেখানে মশাসহ জীবাণু থেকে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। নাগরিকদের দুর্ভোগ ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সিটি করপোরেশন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘বারবার সবজি ব্যবসায়ীদের সঙ্গে সচেতনতামূলক বৈঠক করেও কাজের কাজ কিছুই হয়নি। তাই ছড়াটি ময়লা-আবর্জনামুক্ত রাখতে সোবহানীঘাট এলাকার সবজি আড়ত অংশে ছড়ার চারপাশে উঁচু করে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ভাবছে সিটি করপোরেশন। এতে করে আবর্জনা ফেলার বিষয়টি রোধ করা যাবে বলে আমরা মনে করছি। শিগগিরই এই কাজ করতে উদ্যোগ নেওয়া হবে।’