আবর্জনায় পচে গেছে সিক্কাটুলি পুকুরের পানি

দীর্ঘদিন ধরে সংস্কার ও পরিচ্ছন্ন না করায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী সিক্কাটুলি পুকুরের পানি ময়লা-আবর্জনায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু পুকুরটি সংস্কারে বা রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এই পুকুরের দক্ষিণ পাড়ে কাজী আলাউদ্দিন সড়কের ওপরেই একটি অস্থায়ী ডাস্টবিন। এই ডাস্টবিনের ময়লা-আবর্জনায় পুকুরের পানি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুকুরটি ‘বংশাল পুকুর’ নামেও পরিচিত।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, কাজী আলাউদ্দিন সড়কের উত্তর পাশে প্রায় এক বিঘা আয়তনের এই পুকুরের তিন দিকের (পূর্ব, পশ্চিম ও উত্তর) পাড় ঘেঁষে গড়ে উঠেছে বহুতল আবাসিক ভবন। দক্ষিণ পাশে পুকুরঘাট বরাবর একটি অস্থায়ী ডাস্টবিন। আশপাশের কলকারখানা ও বাড়ির ময়লা-আবর্জনা এই ডাস্টবিনে ফেলছে বাসিন্দারা। আবর্জনা ছড়িয়ে পড়ছে সড়ক ও পুকুরের ভেতরে। এতে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পচা পানিতে জমেছে শেওলা। অথচ পুকুরে ময়লা-আবর্জনা না ফেলতে পৃথক দুটি নোটিশ টাঙিয়ে রেখেছে ডিএসসিসি ও সিক্কাটুলী মুসলিমা যুব সংঘের পুকুর উন্নয়ন কমিটি।
পুকুরঘাটের ওই ডাস্টবিনে বাসার ময়লা ফেলছিলেন কাজী আলাউদ্দিন সড়কের বাসিন্দা মো. রেজাউল। তিনি বলেন, বাসাবাড়ির ময়লা ফেলার জন্য এই এলাকায় আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। মহল্লার বাসিন্দারা এখানেই ময়লা ফেলে। ডিএসসিসি সূত্র জানায়, এই পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ডিএসসিসির সঙ্গে স্থানীয় এক ব্যক্তির দায়ের করা মামলা আদালতে চলমান আছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুরের মালিকানা পরিবর্তন হলেও তা ভরাট করা যাবে না। পুরান ঢাকার ঐতিহ্যের অংশ হিসেবে পুকুরটিকে বাঁচিয়ে রাখতে হবে।
ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেন বলেন, পুকুরপাড়ের ডাস্টবিনের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। পাশাপাশি পুকুরের ময়লা পরিষ্কার করা হবে। তখন পুকুরের পানিও ব্যবহারের উপযোগী হবে।