আবর্জনায় ভরা কাপ্তানবাজার

মুরগি মার্কেটের চারপাশের সড়ক ও চলার পথে আবর্জনার স্তূপ৷ নাক চেপে চলাচল করছে পথচারী ও যাত্রীরা৷ মার্কেটের ভেতর নেই পর্যাপ্ত হাঁটা-চলার পথ৷ বাতাসে উড়ছে ধুলাবালি৷
মার্কেটের এই নোংরা চিত্র পুরান ঢাকার কাপ্তানবাজারের শের-ই-বাংলা ও মালেকশাহ সিটি করপোরেশন মার্কেটের৷ মার্কেটটি কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-৩ হিসেবে পরিচিত৷ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডের অন্তর্ভুক্ত৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যত্রতত্র মুরগির বর্জ্য ফেলার কারণেই মার্কেট ও মহল্লার পরিবেশ নষ্ট হচ্ছে৷ এতে মহল্লার সবাইকে ভোগান্তিতে পড়তে হচ্ছে৷ এ ছাড়া মার্কেটের ভেতর বিভিন্ন স্থানে খালি জায়গা, চলাচলের পথ অবৈধভাবে দখল করে মুরগির আড়ত বসিয়েছে একটি চক্র৷
নবাবপুর রোডের পূর্ব পাশে রয়েছে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-৩৷ মার্কেটের উত্তর পাশে গুলিস্তান সড়ক ও দক্ষিণে নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে মুরগির বর্জ্য স্তূপ হয়ে রয়েছে৷ সড়কজুড়ে ছড়িয়ে আছে আবর্জনায়৷ মার্কেটের ভেতর ক্রেতাদের চলাচলের পর্যাপ্ত জায়গা নেই৷ বাতাসে উড়ছে ধুলাবালি৷ মুখে মাস্ক পরে কেনাকাটা করছেন কয়েকজন ক্রেতা৷ মার্কেটের পূর্ব পাশে সড়কের ওপর রয়েছে ডাস্টবিন৷ তাতে মুরগির বর্জ্য ও আশপাশের এলাকার আবর্জনা ফেলছেন শ্রমিকেরা৷ নাক চেপে চলাচল করছে পথচারীরা৷ বৃষ্টি হওয়ায় পুরো এলাকা কাদাপানির মাখামাখি হয়ে রয়েছে৷
কাপ্তানবাজার কমপ্লেক্স-৩-এ দরদাম করে মুরগি কিনছিলেন ওয়ারীর স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন৷ তিনি বলেন, এই বাজারে মুরগির দাম কিছুটা কম৷ কিন্তু মার্কেটের পরিবেশ অনেক নোংরা৷ ধুলাবালিতে গা গিজগিজ করছে৷
ডিএসসিসি রাজস্ব ও সম্পত্তি বিভাগ সূত্র জানায়, কাপ্তানবাজারে মোট ৩০১টি মুরগির পাইকারি দোকান রয়েছে৷ প্রতিটি দোকানের আয়তন ৩০ বর্গফুট৷ কিন্তু মুরগি ব্যবসায়ীদের একটি দল অবৈধভাবে প্রায় পাঁচ শ বর্গফুট খালি জায়গা দখল করে রেখেছে৷ অথচ তারা ডিএসসিসিকে কোনো রাজস্বও দিচ্ছে না৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, নিজ নিজ দোকান বরাবর খালি জায়গা ও চলাচলের পথ দখল করে নিয়েছেন ব্যবসায়ীরা৷ বর্তমানে মার্কেটের অধিকাংশ দোকানের আয়তন প্রায় দ্বিগুণ৷ এ ছাড়া মূল মার্কেটের বাইরেও সড়ক ও ফুটপাত দখল করে মুরগির দোকান দেওয়া হয়েছে৷
জানতে চাইলে ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শের-ই-বাংলা ও মালেকশাহ সিটি করপোরেশন মার্কেটের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রথম আলোকে বলেন, কাপ্তানবাজারে মুরগি মার্কেটটি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল৷ বর্তমানে যে যার মতো মার্কেটের খালি জায়গা দখল করে রেখেছে৷ কারও কথা কেউ শোনে না৷ এই মার্কেটের আবর্জনার কারণেই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে৷ বিষয়টি ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে৷