আবর্জনায় ভরা চিড়িয়াখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিড়িয়াখানার সামনেই ময়লা–আবর্জনার স্তূপ। চলাচল করতে ভোগান্তিতে পড়েন ঘুরতে আসা দর্শনার্থীরা। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
চিড়িয়াখানার সামনেই ময়লা–আবর্জনার স্তূপ। চলাচল করতে ভোগান্তিতে পড়েন ঘুরতে আসা দর্শনার্থীরা। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

আবর্জনার শুরু প্রবেশদ্বার থেকেই। ভেতরে পুরো চিড়িয়াখানায় আবর্জনার ছড়াছড়ি। পশুপাখির খাঁচাগুলোর পাশে গন্ধ। দর্শনার্থীদের পর্যবেক্ষণ করারও কেউ নেই।
গতকাল সোমবার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দেখা যায়, চারটি টিকিট কাউন্টারের মধ্যে দুটি খোলা। বেশ ভিড়। প্রবেশদ্বারের দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা টিকিট ছিঁড়ে সেখানেই ফেলছেন। পুরো প্রবেশদ্বারে ছেঁড়া টিকিটের স্তূপ।
চিড়িয়াখানায় ঢুকে হাতের ডান দিকে আছে ‘ময়ূর’ নামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি খাবারের রেস্তোরাঁ। সেদিকে যেতে ঘাসের মধ্যে কাগজ, পলিথিন, নানা ধরনের খাবারের প্যাকেট ছড়ানো। গাছের গোড়া কংক্রিটে বাঁধাই করা। সেখানেও আবর্জনা ফেলা।
হাঁটার পথগুলো শুধু ঝাড় দেওয়া। তবে পথের আবর্জনা ঝাড় দিয়ে দুই পাশে ফেলে রাখা। বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে। তার মধ্যে ময়লা ফেলা হলেও বেশির ভাগ ময়লা-আবর্জনা বাইরে ছড়ানো-ছিটানো।
পশু-প্রাণীর খাঁচার সামনে আবর্জনা না থাকলেও গন্ধ। সায়মা হোসেন তাঁর পাঁচ বছরের ছেলে রাইয়ান আবরারকে নিয়ে বানরের খাঁচার সামনে দাঁড়িয়েছেন। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। তিনি বলেন, ‘গন্ধ থাকলে মানুষ দেখবে কী। নোংরা হলে বাচ্চারা কী শিখবে। এটাও তো শেখার একটা জায়গা।’ প্রায় সব কটি খাঁচার সামনে একই অবস্থা। শজারুর খাঁচায় লোহার জাল কিছু কিছু জায়গায় ছেঁড়া। মাকড়সায় ভরপুর। ময়লায় ধূসর হয়ে গেছে।
হকার প্রবেশ নিষিদ্ধ। কিন্তু পুরো চিড়িয়াখানায় অসংখ্য হকার। দর্শনার্থীরাও তাঁদের কাছ থেকে নানা জিনিস কিনছেন। চিড়িয়াখানার বিভিন্ন অংশের খোলা জায়গায় চাদর বিছিয়ে অনেকেই পরিবার নিয়ে খাওয়াদাওয়া করছেন। খাওয়া শেষে তাঁরা উচ্ছিষ্ট ফেলছেন খোলা জায়গায়। কুকুর ঘুরছে। উচ্ছিষ্টগুলো তারা আরও ছড়িয়ে দিচ্ছে।
শিশুদের খেলার জন্য একটি জায়গায় বিভিন্ন রাইড বসানো। এখানে আবর্জনা আরও বেশি। যে যার ইচ্ছেমতো আবর্জনা ফেলছে। খাওয়াদাওয়াও হচ্ছে বেশি। অনেকগুলো রাইডে মরিচা ধরেছে। এ ছাড়া চিড়িয়াখানায় বসার বেঞ্চগুলো স্যাঁতসেঁতে। কোথাও কোথাও ক্ষয়ে গেছে।
এখানে পাবলিক টয়লেট আছে। তবে আশপাশ দিয়ে গেলে নাক চেপে যেতে হয়। দর্শনার্থী আবদুস সামাদ বলেন, ‘ঠেকায় পইড়া যাওন লাগে। এরা করে কী। এত গন্ধ। টাকা তো ঠিকই নেয়।’ টয়লেটগুলো ভীষণ স্যাঁতসেঁতে, কাদা-কাদা। অস্বাস্থ্যকর পরিবেশ। একটি টয়লেটের একজন কর্মী বলেন, তাঁরা শুধু পানি ঢেলে দেন।
চিড়িয়াখানায় প্রবেশের মুখে চারজন নিরাপত্তাকর্মীকে দেখা যায়। কিন্তু পুরো জায়গার আর কোথাও কোনো নিরাপত্তাকর্মী বা পর্যবেক্ষণ করার মতো কাউকে দেখা যায়নি। যদি কারও কোনো প্রয়োজন হয় বা সমস্যায় পড়েন, তবে কাউকে খুঁজতে হলে সেই গেটের কাছে আসতে হবে।
মিরপুরে এই চিড়িয়াখানা ১৮৬ দশমিক ৬৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে ২ হাজার ৬৪৭ প্রজাতির প্রাণী আছে। চিড়িয়াখানার তথ্যমতে, এখানে প্রতিদিন লাখখানেক দর্শক হয়।
চিড়িয়াখানার সামগ্রিক অবস্থা নিয়ে কিউরেটর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রবেশদ্বারের কাছে যাঁরা টিকিট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাঁদের তিনি বহুবার বলেছেন ময়লা না করতে। ভেতরে প্রতিদিন সকালে পরিষ্কার করা হয়। দর্শনার্থীরা এসে ময়লা-আবর্জনা ফেলেন। আগে কয়েকটি খাবারের দোকান ছিল। অতিরিক্ত দাম নেওয়ায় তাদের উঠিয়ে দিয়েছেন। হকাররা ফাঁকফোকর দিয়ে ঢুকে পড়ে। কিউরেটর বলেন, ‘প্রতিটি অ্যানিমেল শেডে দেখাশোনার লোক আছে। এ ছাড়া আনসারও আছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।’ সংস্কার করার জন্য পরিকল্পনা আছে। তবে চিড়িয়াখানার পরিবেশ পরিষ্কার রাখতে দর্শকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।