আবর্জনায় ভরা মিরপুরের ঈদগাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১ নম্বরের ঈদগাহ–সংলগ্ন ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে বস্তাভরা আবর্জনা l ছবি: প্রথম আলো
মিরপুর ১ নম্বরের ঈদগাহ–সংলগ্ন ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে বস্তাভরা আবর্জনা l ছবি: প্রথম আলো

মিরপুর ১ নম্বরের ঈদগাহটি ধুলো-ময়লাভর্তি। মাঠের ভেতরে রিকশাভ্যানের স্ট্যান্ড। বাইরে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঠটি ঠিকমতো দেখভাল করা হয় না।
মিরপুর ১ নম্বরের চিড়িয়াখানা সড়কে মসজিদুল আকবর ঈদগাহ। স্থানীয়ভাবে ‘ঈদগাহ মাঠ’ নামে পরিচিত। গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, মাঠের চারদিকে আবর্জনাভর্তি। মাঠসংলগ্ন ফুটপাতে চা-সিগারেট ও মুরগির দোকান। ফুটপাতের ওপরেই বসার বেঞ্চ। পশ্চিম পাশে বেশ বড় বড় অনেকগুলো বস্তার স্তূপ। পুরো মাঠের চারপাশ নোংরা আবর্জনায় ভরা।
রানু বেগম চা-পান বিক্রি করেন এই মাঠের পাশের ফুটপাতে। তিনি বলেন, ‘এহেনে বহি, দৌড়ানিও দেয়। আবার আহি।’
মাঠের ভেতরে এক পাশে অনেকগুলো রিকশাভ্যান রাখা। এর সঙ্গে আছে টিনের কিছু চালা ও বাঁশ-কাঠ। কিছু আবর্জনা পোড়ানো হয়েছে মাঠের মধ্যে। তার পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন খাবারের প্যাকেট, কাগজে পুরো মাঠে ছত্রখান। মাঠে কোনো ঘাস নেই। ধুলায় ভর্তি।
এর মধ্যেই ক্রিকেট-ফুটবল খেলছে ছোট ছোট অনেকগুলো দল। মাঠের পূর্ব দিকে আলাদা জায়গা করা হচ্ছে ক্রিকেট অনুশীলনের জন্য। পাশেই কাপড় শুকাতে দেওয়া। কলেজশিক্ষার্থী আলভী আহমেদ এ মাঠে নিয়মিত ক্রিকেট খেলেন। তিনি বলেন, ‘দুই ঈদ ছাড়া মাঠটির খোঁজ কেউ নেয় না। অনেক আগে ঘাস লাগাইছিল, থাকে নাই। ধুলার মধ্যেই খেলতে হয়।’
মাঠের চারদিক প্রাচীর দিয়ে ঘেরা। কিন্তু মাঠে ঢোকার গেটগুলোর জীর্ণ দশা। দক্ষিণ-পশ্চিম দিকে অনেকগুলো গাছের চারা রাখা। মাঠে খেলতে আসা বেশ কয়েকজন বললেন, তাঁরাই মাঝে মাঝে নিজ উদ্যোগে পরিষ্কার করেন। সিটি করপোরেশন থেকে আসে কি না প্রশ্ন করলে তাঁরা বলেন, ‘উল্টো করপোরেশন নিজেরাই উচ্ছেদের ময়লা মাঠের ভেতরে রেখে দিয়েছে।’ স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, ‘এই মাঠ সব সময়ই এমন থাকে। ফুটপাতের তো বিচ্ছিরি অবস্থা।’
ঈদগাহটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। কেউ বলছেন মাঠটি সিটি করপোরেশনের, আবার কেউ বলেন মসজিদের। এ ওয়ার্ডের কাউন্সিলর কাজী টিপু সুলতানের কাছে জানতে চাইলে বলেন, কাগজপত্র দেখে তিনি বলতে পারবেন মাঠটি কার। মাঠের অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘মাঠের চারদিকে উচ্ছেদ করেছিলাম, কিছু জিনিস রাখতে পারে। পরিষ্কারও আমাদের লোক করে থাকে। শিগগিরই মাঠটি সংস্কারের কাজ শুরু হবে।’