আবর্জনায় সয়লাব মাজেদ সরদার রোড
পুরান ঢাকার মাজেদ সরদার রোড আবর্জনায় সয়লাব। আবর্জনার স্তূপের কারণে সংকীর্ণ হয়ে এসেছে রিকশা-গাড়ি চলার পথ। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে।
বাংলাদেশ মাঠের পেছনের অংশে, মাজেদ সরদার রোড মোড়ে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে মিশেছে। এই মোড়ের পাশেই দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি আবর্জনার কনটেইনার রাখা। সম্প্রতি গিয়ে দেখা যায়, আবর্জনা পরিবহনের রিকশা-ভ্যানও সরু রাস্তার অনেকটা জুড়ে দাঁড়িয়ে আছে। কনটেইনার থেকে ময়লা উপচে পড়েছে রাস্তায়। এলাকার জুতার কারখানাগুলোর ঝুট-প্লাস্টিক কনটেইনারের বাইরে ফেলা হয়েছে। গৃহস্থালির আবর্জনা আর কারখানার ঝুটে মাজেদ সরদার রোডের বড় অংশ দখল হয়ে গেছে। সরু হয়ে গেছে পথ। রিকশা-গাড়িগুলো আবর্জনার স্তূপের ওপর দিয়ে চলছে।
এলাকার অধিবাসী ফয়সাল শরীফ বলেন, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি আবর্জনার দখলে। দিন দিন আবর্জনার পরিমাণ বাড়ছে। প্রতিদিন সরানো হয় না বলে দিন দিন এগুলো স্তূপ হয়ে যাচ্ছে।
মাজেদ সরদার রোডের এক দোকানমালিক বলেন, ‘ময়লার কারণে লোকে আইতে চায় না। এলাকার পরিবেশের যেমন ক্ষতি, ব্যবসারও ক্ষতি।’
মাজেদ সরদার রোড এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ড কমিশনার আউয়াল হোসেন নিজেও আবর্জনা ব্যবস্থাপনার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে এখানে আবর্জনার পরিমাণ বেশি। সঙ্গে জুতা কারখানার ঝুট যোগ হওয়ায় আবর্জনা-ব্যবস্থাপনা আরও কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ‘সিক্কাটুলি পার্কের পাশে একটি ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ চলছে। সেটা তৈরি হয়ে গেলে রাস্তায় আর ময়লা দেখা যাবে না।’