আবহাওয়া অধিদপ্তরের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আবহাওয়া অধিদপ্তরের জমি দখলমুক্ত করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ। এই সময়সীমার মধ্যে জায়গা দখলমুক্ত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।প্রতিবাদ সভায় আইনজীবীরা আইনি ব্যাখা উপস্থাপন করে বলেন, ‘জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলাকালে ব্যক্তিমালিকানার সাইনবোর্ড লাগিয়ে জমি দখল সম্পূর্ণ অবৈধ। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এ মন্ত্রণালয়ের জমি যদি এভাবে দখল হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে?’ প্রতিবাদ সভার সভাপতি বদরুল আহমদ চৌধুরী বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় মানুষের কল্যাণে। সেই আবহাওয়া অধিদপ্তরের জমি যদি দখল হয়, তাহলে দেশ ও জাতির স্বার্থে আমরা বসে থাকতে পারি না। আমরা জনস্বার্থে ১০ নম্বর সতর্ক সংকেত ঘোষণা করছি। ২৪ ঘণ্টার মধ্যে জায়গা দখলমুক্ত না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান, জেএসডির জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ও খেলাঘরের সিলেট বিভাগীয় সমন্বয়কারী তাজুল ইসলাম বাঙ্গালী। উল্লেখ্য, সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় আবহাওয়া অধিদপ্তরের জমিতে ৬ মার্চ ব্যক্তিমালিকানার সাইনবোর্ড লাগিয়ে ৬৪ শতক জায়গা দখল করা হয়।