আবহাওয়ার ঝঞ্ঝার পূর্বাভাস
চলতি বছর পুরো গ্রীষ্ম মৌসুমে আবহাওয়া বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী জুন মাস পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে গত মঙ্গলবার এ তথ্য দিয়েছে অধিদপ্তর।ওই পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল ও আগামী মে মাসে সারা দেশে একাধিকবার তীব্র ও মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাবে। পাশাপাশি এপ্রিল, মে ও জুন—এই তিন মাসেই বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।অধিদপ্তর জানায়, গ্রীষ্মকালীন আবহাওয়া শুরুর প্রথম মাস মার্চের আবহাওয়া স্বাভাবিক ছিল না। প্রথমত, ওই মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় মাত্র ১৯ শতাংশ। ফলে রাজশাহী ও খুলনা বিভাগ এবং দেশের আরও দু-এক স্থানে মৃদু তাপপ্রবাহেরও সৃষ্টি হয়েছিল। তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৬ মার্চ চুয়াডাঙ্গায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। পাশাপাশি মার্চে দেশের অনেক স্থানে তিন-চার দিন কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ২২ মার্চ আঘাত হানে টর্নেডো।আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিও হতে পারে। বঙ্গোপসাগরে দুটি পর্যন্ত নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। পাশাপাশি এ মাসেই দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন বজ্রসহ মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী ও বজ্রঝড় এবং দেশের অন্যত্র তিন-চার দিন হালকা থেকে মাঝারি মাত্রার কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক-দুটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) এবং অন্যত্র দুই-তিনটি মৃদু (তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি) এবং মাঝারি (তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।পূর্বাভাস অনুযায়ী, জুনের ১০ তারিখের মধ্যে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এ মাসেও বৃষ্টি হবে স্বাভাবিক। তবে বঙ্গোপসাগরে দুটি পর্যন্ত নিম্নচাপ সৃষ্টি হতে পারে।