আবাদ বেড়েছে ভুট্টার, কমেছে বোরোর
মানিকগঞ্জে ভুট্টার আবাদ গত ছয় বছরে প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। তবে এ সময়ে বোরো ধানের আবাদ কমেছে প্রায় দেড় গুণ। এ ছাড়া সরিষা ও আলুর আবাদ কমলেও বেড়েছে গমের আবাদ।
কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, ধানের দাম কম এবং সেচ, সার ও কীটনাশকে খরচ বেশি হওয়ায় বোরো ধানের আবাদে তেমন একটা লাভ হয় না। অন্যদিকে ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকেরা বোরোর আবাদ কমিয়ে দিচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট আবাদি জমির পরিমাণ ৯৯ হাজার ৮৫০ হেক্টর। ২০১১ সালে ৬ হাজার ৪৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়। আর ২০১৬ সালে আবাদ হয় ২২ হাজার ১৪৭ হেক্টর জমিতে। সেই হিসাবে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয় বছরে ৩ দশমিক ৪২ গুণ বেশি ভুট্টার আবাদ হয়েছে। অন্যদিকে ২০১১ সালে বোরোর আবাদ হয় ৫৯ হাজার ৮৩২ হেক্টর জমিতে। ২০১৬ সালে ৪৫ হাজার ২৩৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়।
এ ছাড়া ২০১১ সালে ৪৩ হাজার ৭১৭ হেক্টর জমিতে সরিষা এবং ৩ হাজার ৮০৬ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়। ছয় বছর পর ৪০ হাজার ৬১৩ হেক্টর জমিতে সরিষা এবং ২ হাজার ৮১৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। তবে এ ছয় বছরে গমের আবাদ কিছুটা বেড়েছে।
সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি গ্রামের কৃষক আবদুল আলিম বলেন, গত বছর তিনি এক বিঘা জমিতে ভুট্টা এবং দুই বিঘায় বোরো আবাদ করেছিলেন। তবে এবার তিনি তিন বিঘায় ভুট্টার আবাদ করেছেন এবং ১২ শতক জমিতে তিনি বোরো আবাদ করবেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো আবাদে খরচ বেশি হলেও ধানের দাম কম। এক বিঘা জমিতে ১৬ থেকে ২০ মণ ধান হয়। প্রতি মণ ধানের দাম ৬০০ থেকে ৭০০ টাকা। আর এক বিঘা জমিতে ভুট্টা হয় ২০ থেকে ২৫ মণ। প্রতি মণ ভুট্টার দাম ৫৫০ থেকে ৭০০ টাকা। ভুট্টায় সেচ খরচও কম। এক মণ ধানে উৎপাদন ব্যয় প্রায় ৫৫০ টাকা এবং ভুট্টায় প্রায় ৩০০ টাকা। উৎপাদন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় তাঁরা ভুট্টা চাষে ঝুঁকছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া বলেন, ‘আমি মিটিংয়ে আছি। পরে কথা হবে।’ পরে যোগাযোগ করা হলে তাঁর কার্যালয়ের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদের বলেন, জেলায় বোরো আবাদ কমলেও ভুট্টার আবাদ প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। তবে বোরোর আবাদ কমলেও রোপা আমনের আবাদ বেড়েছে। এ কারণে ধান উৎপাদনে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।