আবাদি জমি অধিগ্রহণের প্রতিবাদ
কৃষক ইসাহক আলীর ছয় বিঘা আবাদি জমির পুরোটাই অধিগ্রহণের আওতায়। অধিগ্রহণ করার পরিকল্পনায় আছে জমসের আলীর সাড়ে চার বিঘাও। ইসমাইল হোসেনের পাঁচ বিঘাও রয়েছে তালিকায়।ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে ৩৫-৩৬ জন কৃষকের প্রায় ৫০ বিঘা আবাদি জমি অধিগ্রহণ করে বিডিআরের ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিবাদে রাস্তায় নেমেছেন ওই এলাকার কৃষকেরা। গত বৃহস্পতিবার তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। খালিশপুরে বাজারের পাশে মাঠে বৃহস্পতিবার দুপুরে জমি অধিগ্রহণের সম্ভাব্যতা যাচাই করতে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রবীর কুমার চক্রবর্তী। এ সময় ওই কর্মকর্তার উপস্থিতিতে কৃষকেরা বিক্ষোভ দেখান। তাঁরা চাষযোগ্য জমি অধিগ্রহণ না করার দাবি জানান। সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা ঘোষণা দেন, জীবন যাবে, তবু চাষের জমি ছাড়বেন না।বিডিআরের ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। খালিশপুর বাজারের কলা হাটের সঙ্গেই সড়ক ও জনপথ বিভাগের ১২ দশমিক ৭ একর জমি রয়েছে। সদর দপ্তরের জন্য ২৫ একর প্রয়োজন। তাই আরও ১২ দশমিক ৯৩ একর জমি অধিগ্রহণ করতে হবে।জমির মালিক ইসমাইল হোসেন জানান, তাঁদের ফসলি জমি নিয়ে নিলে কী খেয়ে বাঁচবেন। মহেশপুরের ইউএনও অজিয়র রহমান জানান, তাঁরা বিষয়টি দেখবেন।