আবাদি জমি থেকে বালু উত্তোলন
চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট এবং আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামে অবাধে আবাদি জমি খুঁড়ে বালু তোলা হচ্ছে। দুই বছর ধরে এভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তিসহ কয়েকজন নিজেদের জমি ও মানুষের কাছ থেকে জমি ইজারা নিয়ে অবৈধভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইতিমধ্যে দুই শতাধিক বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আশপাশের জমিতে ফসল উৎপাদন কমে গেছে ও তা ধসে পড়ছে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল বাতেন বলেন, ‘আবাদি জমি খুঁড়ে বালু তুললে এলাকার জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। কারণ উপরিভাগের মাটি (টপ সয়েল) সরিয়ে বালু তোলার কারণে জমিতে ফসল হবে না ও ভূমিধস হবে।’সরকারের ভূগর্ভস্থ বা নদীর তলদেশ থেকে বালু উত্তোলন-সংক্রান্ত বিশেষ আইনে উল্লেখ করা হয়েছে, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। কিন্তু এ আইন লঙ্ঘন করে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে ধুতুরহাট ঝিলখালি পাড়া এবং আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের সংযোগ রাস্তা ঘেঁষে একাধিক স্থানে আবাদি জমি খুঁড়ে এবং খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে বালু তোলা হচ্ছে। ধুতুরহাট গ্রামের ইসমাইল হোসেন ও হাড়োকান্দিতে আলাউদ্দিন কলম শ্রমিক নিয়োগ করে এভাবে বালু তুলছেন। এ বালু রাস্তা, পুকুর ও স্থাপনা নির্মাণের সময় মেঝে ভরাট করার কাজে ব্যবহার করা হয়। প্রতিদিন ওই দুই গ্রামের বিভিন্ন স্থান থেকে ট্রাক ও ট্রলিতে বোঝাই করে বালু জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।হাড়োকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা বালু তোলার জন্য ওই গ্রামের একটি কাঁচা রাস্তার অন্তত ৫০ মিটার কেটে ফেলেছে। সেখানে গভীরতাও হয়েছে প্রায় ৪০ মিটার। ওই গ্রামের লোকজন এবং রিকশাসহ অন্যান্য হালকা যানবাহন এখন আবদুল মালেক ও তাঁর তিন ভাইয়ের জমির ওপর দিয়ে চলাচল করছে। ধুতুরহাটেও একটি রাস্তার বেশকিছু অংশ বালু উত্তোলনের কারণে ভেঙে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুতুরহাট গ্রামের ইসমাইল হোসেন কয়েক মাস আগে নিজের জমি থেকে বালু তোলা শুরু করেন। এ সময় তিনি আশপাশের লোকজনের জমি ভাড়া নিয়ে সেখানে উত্তোলন করা বালু রাখেন। খননযন্ত্র দিয়ে বালু তোলায় ওই স্থানে প্রায় ৪০ ফুট গভীরতার সৃষ্টি হয়েছে। এতে ওই জমির পাশের আসাদুল হক নামের এক প্রবাসীর আবাদি জমি ধসে পড়ায় তিনি তাঁর জমি ইসমাইলের আত্মীয় আনোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেন। একই কারণে হাড়োকান্দি গ্রামের উম্বাদ আলী, মহিউদ্দিন মালিতা ও ডাবলু হোসেনের কয়েক বিঘা বাগানসহ আশপাশের বিপুল পরিমাণ আবাদি জমি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বালু উত্তোলনের পর তা স্তূপ করে রাখা হয়। একটু বাতাস হলেই সেই বালু আশপাশের জমির ফসলের ওপর পড়ে। এতে উৎপাদন কমে যাচ্ছে। হাড়োকান্দি গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। এই গ্রামের কামারপাড়া এলাকায় জিল্লুর কাদিরের পুকুর খননের নামে কয়েক মাস ধরে বালু তুলছেন আলাউদ্দিন কলম। ওই গ্রামের শংকরকুমার কর্মকার (৫২) বলেন, ‘পুকুর খোঁড়ার মিত্যে দুহায় দিয়ে বালি তুলেই যাচ্চে। মানা করেও কুনু লাব হইনি। আমার বাড়ির এক কাটা জমি অ্যাকন ওই পুকুরির মদ্যি চলে গিইয়েচে।’বালু ব্যবসায়ী ইসমাইল হোসেনের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। আরেক ব্যবসায়ী আলাউদ্দিন কলম জানান, বালু উত্তোলন করা যে বেআইনি, তা তিনি প্রথমবারের মতো শুনলেন। এর আগে তাঁকে কেউ বারণ করেনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ধুতুরহাট ও হাড়োকান্দি গ্রামের আবাদি জমি ও পুকুর খনন করে বালুর এই কারবার দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন।জেলা প্রশাসক ভোলানাথ দে বলেন, ‘কেউ এ পর্যন্ত বিষয়টি আমাকে জানাননি। বালু উত্তোলন বিষয়ে সংসদে গৃহীত একটি আইন গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে। ওই আইন অনুসারে বিপণনের উদ্দেশ্যে এ ধরনের বালু উত্তোলন অবৈধ এবং এ ধরনের কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। শিগগিরই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য ওই দুই গ্রামে অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।’