আবাদি জমি থেকে বালু তুলছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের খানসাপাড়া গ্রামে আবাদি জমি থেকে অবৈধভাবে বালু তুলছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি জমিতে একসঙ্গে সাতটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তুলছেন। এতে ওই জমি ২৫-৩০ ফুট দেবে গেছে ও আশপাশের বসতঘর হুমকির মুখে পড়েছে। বালু তোলা অব্যাহত থাকলে এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ভূমিহীনদের জন্য খানসাপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বসতঘর নির্মাণের উদ্যোগ নেয়। এ জন্য গত বছরের নভেম্বর মাসে ওই গ্রামের চার একর ২৫ শতক খাসজমিতে মাটি ভরাটের কাজ শুরু হয়। মাটি ভরাটের কাজ শেষ করার জন্য ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শান্তনু কুমার দেবকে সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব মণ্ডলকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।আবদুল ওহাব দলীয় প্রভাব খাটিয়ে ওই প্রকল্প এলাকার চারপাশে সাতটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে মাটির নিচ থেকে পাইপ দিয়ে বালু তুলছেন। এতে ওই জমি ২৫-৩০ ফুট দেবে গিয়ে বিশাল পুকুরে পরিণত হয়েছে। পিআইও নওয়াব আলী জানান, নিয়মানুযায়ী শ্রমিক নিয়োগ করে প্রকল্প এলাকার জমি মাটি দিয়ে ভরাট করার কথা। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা বালু তুলে তা দিয়ে প্রকল্প এলাকার জমি ভরাট করছেন। এতে এলাকায় ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ বিষয়ে স্থানীয় লোকজন গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। ইউএনও আশরাফুজ্জামান চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও ফুলবাড়ী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য তাপস মহন্ত জানান, দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য শ্রমিক দিয়ে মাটি ভরাটের কথা। কিন্তু শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাটির নিচ থেকে বালু তুলে তা দিয়ে জমি ভরাট করা হচ্ছে। খানসাপাড়া গ্রামের নিস্তারণ চন্দ্র, সুদেব চন্দ্র সরকার ও স্বাধীন সরকার অভিযোগ করেন, তাঁদের বাড়িসংলগ্ন আবাদি জমি থেকে বালু তোলা হচ্ছে। এতে এলাকার অন্তত ১০টি বসতঘরের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবদুল ওহাব প্রভাব খাটিয়ে বালু তোলার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি কাজ দ্রুত শেষ করার জন্য খাসজমি থেকে বালু তোলা হচ্ছে। ইউপির চেয়ারম্যান শান্তনু কুমার বলেন, এই আবাসন প্রকল্পে যাঁরা বসবাস করবেন, তাঁদের পানির দরকার। বালু উত্তোলনের কারণে পুকুর সৃষ্টি হলে বসবাসকারীরা তা ব্যবহার করতে পারবেন।